তিন দিনে বনলতা এক্সপ্রেস কত আয় করতে পারল?

তিন দিনে বনলতা এক্সপ্রেস কত আয় করতে পারল?
ছবির ক্যাপশান, তিন দিনে বনলতা এক্সপ্রেস কত আয় করতে পারল?

ঈদকে কেন্দ্র করে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি প্রেক্ষাগৃহে ধীরে ধীরে দর্শকদের আগ্রহের কেন্দ্রে পরিণত হচ্ছে। গল্পের সরলতা, শক্তিশালী অভিনয় এবং পরিচিত মুখের উপস্থিতি-সব মিলিয়ে সিনেমাটি একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা দিচ্ছে, যা দর্শকদের হলে টানতে সক্ষম হয়েছে। এর প্রতিফলন দেখা যাচ্ছে বক্স অফিস আয়েও।

বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করে ১৮ লাখ ৫৪ হাজার টাকা। পরদিন সেই আয় বেড়ে দাঁড়ায় ২২ লাখ ২৬ হাজার টাকায়। তৃতীয় দিনে এসে আয় আরও বাড়ে এবং দিনশেষে সংগ্রহ দাঁড়ায় ২৮ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ প্রতিদিনই আয় বাড়ার একটি ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয় হয়েছে ৭৭ লাখ ৩৩ হাজার টাকা।

এক পোস্টে বিএমআর জানিয়েছে, তৃতীয় দিনেও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার কালেকশনে বেশ ভালো গ্রোথ এসেছে।

প্রেক্ষাগৃহের দিক থেকেও সিনেমাটি বেশ ভালো সাড়া পাচ্ছে। শো সংখ্যা বাড়ানোর পরও দর্শকের চাপ কমেনি। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটি নিয়ে চাহিদা বেশি দেখা গেছে। তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্সের ২৯টি এবং লায়ন সিনেমাসের ২টি-মোট ৩১টি শো চালানো হয়। এর মধ্যে ২৯টি শো ছিল হাউজফুল এবং বাকি ২টি শো প্রায় পূর্ণ ছিল। এতে বোঝা যায়, দর্শকদের আগ্রহ এখনো স্থিতিশীল রয়েছে।

গল্পের দিক থেকে সিনেমাটি একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে এগিয়েছে, যেখানে বিভিন্ন যাত্রীর জীবন, আবেগ এবং সম্পর্কের নানা দিক উঠে এসেছে। এটি মূলত হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত, যা গল্পটিকে আরও গভীরতা দিয়েছে।

অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে, যারা নিজেদের চরিত্রে সাবলীল পারফরম্যান্স দিয়েছেন।

দর্শকদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনা বাড়ছে, যা এর জনপ্রিয়তা আরও বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে। অনেক দর্শক মনে করছেন, শুধু অ্যাকশন নয়, এমন গল্পনির্ভর সিনেমাও দেশের চলচ্চিত্র শিল্পে সমানভাবে প্রয়োজন।


সম্পর্কিত নিউজ