{{ news.section.title }}
পাঁচ দিনে কত আয় করল দম সিনেমা?
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রতিযোগিতায় শুরু থেকেই এগিয়ে রয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। দর্শকদের ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া পাওয়ায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি শক্ত অবস্থান ধরে রেখেছে এবং প্রদর্শনীর ক্ষেত্রেও উল্লেখযোগ্য দাপট দেখাচ্ছে।
বিএমআর-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে প্রথম হিসেবে মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকার বেশি আয় করে নতুন এক মাইলফলক ছুঁয়েছে ‘দম’। এটি দেশীয় সিনেমার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে।
আয়ের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায়, মুক্তির দিন ছবিটি ৩০.৩৯ লাখ টাকা সংগ্রহ করে যাত্রা শুরু করে। এরপর দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩৪.০৭ লাখ টাকায় এবং তৃতীয় দিনে তা আরও বৃদ্ধি পেয়ে ৩৬.৫২ লাখ টাকায় পৌঁছে। চতুর্থ দিনেও এই ধারাবাহিকতা প্রায় একই থাকে, যেখানে আয় হয় ৩৪.২১ লাখ টাকা। পঞ্চম দিনে কিছুটা কমে ৩২.১৭ লাখ টাকায় নামলেও সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ এখনো কমেনি।
প্রদর্শনীর দিক থেকেও সিনেমাটি বেশ শক্ত অবস্থানে রয়েছে। বিএমআর জানিয়েছে, পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে মোট ৩৩টি শো চলেছে। এর মধ্যে ১৯টি শো সম্পূর্ণ হাউজফুল ছিল এবং আরও কয়েকটি শো প্রায় পূর্ণ ছিল দর্শকে। প্রথম পাঁচ দিনের হিসাব অনুযায়ী, ছবিটির মোট মাল্টিপ্লেক্স আয় দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকা।
পরিচালক রেদওয়ান রনির নির্মাণে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুরসহ আরও অনেকে। গল্প ও চিত্রনাট্য নির্মাণে একাধিক লেখক একসঙ্গে কাজ করেছেন, যা ছবিটির নির্মাণশৈলীতে বৈচিত্র্য এনেছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, একই সময়ে মুক্তি পাওয়া অন্যান্য চলচ্চিত্র-শাকিব খানের ‘প্রিন্স’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ এবং বুবলী-তুষিদের ‘প্রেশার কুকার’-থাকলেও আয়ের দিক থেকে এখন পর্যন্ত ‘দম’ই এগিয়ে রয়েছে। এতে বোঝা যাচ্ছে, দর্শকদের পছন্দের তালিকায় ছবিটি শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে।