{{ news.section.title }}
যে উপজেলাগুলো দিয়ে শুরু হচ্ছে হামের টিকাদান, জেনে নিন!
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ কর্মসূচি চালু হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রাথমিকভাবে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যেসব এলাকায় টিকাদান
স্বাস্থ্য বিভাগ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার তথ্য অনুযায়ী, সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে -
- বরিশাল বিভাগ: বরগুনা সদর, মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ, নলছিটি
- চট্টগ্রাম বিভাগ: হাইমচর, চাঁদপুর সদর, মহেশখালী, রামু
- ঢাকা বিভাগ: নবাবগঞ্জ, গাজীপুর সদর, মাদারীপুর সদর, জাজিরা, লৌহজং, মুন্সিগঞ্জ সদর, শ্রীনগর
- রাজশাহী ও রংপুর বিভাগ: ঈশ্বরদী, পাবনা সদর, আটঘরিয়া, বেড়া, নাটোর সদর, পোরশা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, ভোলাহাট, গোদাগাড়ী
- ময়মনসিংহ বিভাগ: ত্রিশাল, সদর, ফুলপুর, আটপাড়া
সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ঢাকা কার্যালয়ের তথ্যমতে, দেশে বর্তমানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ১৬.৮ জন হামে আক্রান্ত - যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক সংকেত।
উপজেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে -
- বরগুনা সদরে সংক্রমণ হার সর্বোচ্চ ২৯৫, এখানে ৩৬ হাজার ৮৮ শিশুকে টিকা দেওয়া হবে
- পাবনা সদরে সংক্রমণ হার ১৮০, টিকা পাবে ৭২ হাজার ৮২৫ শিশু
- চাঁদপুর সদরে সংক্রমণ হার ১৪৪, টিকার আওতায় আসবে ৫৭ হাজার ৩২৮ শিশু
আক্রান্ত ও মৃত্যুর চিত্র
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন ৫ হাজার ৭৯২ জনের নমুনা পরীক্ষা করে ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ সময় ৯৪ জনের সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ৯ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। তবে বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহেই মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে।
বাস্তবায়নে চ্যালেঞ্জ
জরুরি এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের বৈঠক করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে মাঠপর্যায়ে জনবল সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিভিল সার্জন জানান, অনেক জেলায় ৩০ শতাংশের বেশি স্বাস্থ্য সহকারীর পদ শূন্য থাকায় কার্যক্রম বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছে।
আরও এলাকা যুক্ত হতে পারে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় তালিকায় আরও কয়েকটি উপজেলা যুক্ত হতে পারে। এদিকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, নির্ধারিত বয়সসীমার সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা দেওয়ার জন্য।