ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান
ছবির ক্যাপশান, ভারতের কাছে ৩ ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার প্রেক্ষিতে ভারতের কাছে তিনটি ট্যাংকার ফেরত চেয়েছে ইরান। জাহাজ তিনটি হলো অ্যাসফেল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুবি। পাশাপাশি ইরানের পক্ষ থেকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের অনুরোধও জানানো হয়েছে।

জব্দ হওয়া জাহাজগুলোর মধ্যে স্টেলার রুবির মালিকানা ইরানের, আর বাকি দুটি-আল জাফজিয়া ও অ্যাসফেল্ট স্টার-মালি ও নিকারাগুয়ার পতাকাবাহী। গত ফেব্রুয়ারিতে অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের অভিযোগে আরব সাগরের ভারতীয় জলসীমা থেকে এই তিনটি ট্যাংকার জব্দ করে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড। বর্তমানে এগুলো মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই বন্দরে অবস্থান করছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ‘ডন’ জানিয়েছে, নয়াদিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ভারতীয় কর্মকর্তাদের কাছে ওই জাহাজ ৩টি ফেরত চান ইরানের রাষ্ট্রদূত। এর পাশাপাশি ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ এবং মেডিকেল সামগ্রী পাঠানোর অনুরোধও জানান তিনি।

এ বিষয়ে আরও তথ্য জানার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তবে সংশ্লিষ্ট কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। প্রতিদিন বিশ্বে পরিবাহিত তেল ও তরল গ্যাসের প্রায় ২০ শতাংশ এই রুট দিয়ে যাতায়াত করে।

এই কারণে হরমুজ প্রণালিকে অনেক সময় ‘জ্বালানির বৈশ্বিক প্রবেশদ্বার’ বলা হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো মূলত এই পথ ব্যবহার করেই বিশ্ববাজারে জ্বালানি রপ্তানি করে থাকে। ফলে এই প্রণালির গুরুত্ব আন্তর্জাতিক অর্থনীতিতে অনেক বেশি।

গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ইরান। একই সঙ্গে বিভিন্ন দেশের পতাকাবাহী ট্যাংকার জাহাজে হামলার ঘটনাও ঘটে। গত ১৫ দিনে এ পথে চলাচলকারী অন্তত ১২টির বেশি জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কোনো ভারতীয় ট্যাংকার জাহাজ হামলার শিকার হয়নি। বরং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি নির্দেশ দিয়েছেন- হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো ভারতীয় জাহাজে যেন হামলা না করা হয়।

কী কারণে ভারতকে এই ‘ছাড়’ দিলো ইরান- তা জানতে গত রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। জয়শঙ্কর বলেছেন, এখানে ‘লুকোছাপা’-র কোনো ব্যাপার নেই, এবং এটি ঘটেছে ইরানের সঙ্গে ভারতের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই।

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে ভারতের অন্তত চারটি জ্বালানিবাহী ট্যাংকার জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দিয়েছে ইরান।

সূত্র : রয়টার্স


সম্পর্কিত নিউজ