আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে রাশিয়ার এস-৪০০ কিনছে ভারত

আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে রাশিয়ার এস-৪০০ কিনছে ভারত
ছবির ক্যাপশান, আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে রাশিয়ার এস-৪০০ কিনছে ভারত

ভারত রাশিয়ার এস-৪০০ দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রক্রিয়া আরও এগিয়ে নিয়েছে। দেশটির প্রতিরক্ষা ক্রয় পরিষদ ২৭ মার্চ এক বৈঠকে এ ব্যবস্থাসহ একাধিক সামরিক ক্রয়প্রস্তাবে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের লক্ষ্য বিমানবাহিনীর সক্ষমতা বাড়ানো এবং গুরুত্বপূর্ণ এলাকাকে দূরপাল্লার আকাশ হামলার ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর জন্য মাঝারি পরিবহন বিমান, এস-৪০০ দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রিমোটলি পাইলটেড স্ট্রাইক এয়ারক্রাফট এবং সু-৩০ বিমানের ইঞ্জিন ও যন্ত্রাংশ সংস্কারের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে স্পষ্ট করা হয়েছে, এস-৪০০ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অঞ্চলের বিরুদ্ধে শত্রুপক্ষের দূরপাল্লার আকাশ হুমকি মোকাবিলায় ব্যবহৃত হবে।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে কতটি এস-৪০০ কেনা হবে বা শুধু এই ব্যবস্থার জন্য আলাদা কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তা উল্লেখ করা হয়নি। সরকারি ঘোষণায় শুধু বলা হয়েছে, প্রতিরক্ষা ক্রয় পরিষদ মোট প্রায় ২ দশমিক ৩৮ লাখ কোটি রুপির বিভিন্ন ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ফলে এই পুরো অঙ্কটি শুধু এস-৪০০ কেনার জন্য নয়, বরং একাধিক প্রকল্পের সম্মিলিত মূল্য।

একাধিক ভারতীয় প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুমোদনের মধ্যে রাশিয়া থেকে অতিরিক্ত পাঁচটি এস-৪০০ ব্যবস্থা কেনার পরিকল্পনাও রয়েছে। তবে এ তথ্যটি এখনো সরকারি বিবৃতিতে আলাদা করে নিশ্চিত করা হয়নি।

এর আগে ২০১৮ সালে ভারত রাশিয়ার সঙ্গে প্রায় ৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের চুক্তিতে পাঁচটি এস-৪০০ ইউনিট কেনার সিদ্ধান্ত নিয়েছিল। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সেই চুক্তির আওতায় তিনটি ইউনিট ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে, আর বাকি দুটি ইউনিট ২০২৬ সালের মধ্যেই পাওয়ার আশা করছে নয়াদিল্লি।

নতুন এই সিদ্ধান্তকে ভারতের বৃহত্তর সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা ব্যয় বাড়ানো, পুরোনো সোভিয়েত যুগের সরঞ্জাম আধুনিক করা এবং আকাশ প্রতিরক্ষা জোরদার করা এখন দেশটির অগ্রাধিকারের মধ্যে রয়েছে।


সম্পর্কিত নিউজ