শাহরুখের পোস্টে আশা ভোঁসলে, কী বার্তা দিলেন তিনি?

শাহরুখের পোস্টে আশা ভোঁসলে, কী বার্তা দিলেন তিনি?
ছবির ক্যাপশান, শাহরুখের পোস্টে আশা ভোঁসলে, কী বার্তা দিলেন তিনি?

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে-এর প্রয়াণে যেন থমকে গেছে একটি স্বর্ণালি অধ্যায়। উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ৯২ বছর বয়সে তাঁর এই বিদায়কে সংগীতপ্রেমীরা এক যুগের অবসান হিসেবেই দেখছেন।

তাঁর মৃত্যুসংবাদে শোক প্রকাশ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
রবিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় কিংবদন্তি এই গায়িকাকে স্মরণ করেন তিনি।

শাহরুখ খান লিখেছেন, ‘আশা তাইয়ের বিদায়ের খবরটি সত্যিই অত্যন্ত বেদনাদায়ক… তাঁর কণ্ঠস্বর ভারতীয় সিনেমার অন্যতম ভিত্তি ছিল এবং তা আগামী বহু বছর ধরে বিশ্বজুড়ে অনুরণিত হবে। তিনি এমন এক প্রতিভা, যার প্রভাব সময়ের গণ্ডি ছাড়িয়ে যাবে। তিনি সবসময় আমাকে আশীর্বাদ ও ভালোবাসায় ভরিয়ে রেখেছেন-আমি তাঁকে গভীরভাবে মিস করব।

শান্তিতে থাকুন আশা তাই… ভালোবাসা রইল।’

উল্লেখ্য, রবিবার (১২ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আগের দিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে তিনি হাজার হাজার গান উপহার দিয়েছেন। বিভিন্ন ভাষায় গাওয়া তাঁর অসংখ্য জনপ্রিয় গান আজও সমানভাবে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে আছে। তাঁর কণ্ঠে অমর হয়ে আছে বহু কালজয়ী সৃষ্টি।

এমন একজন গুণী শিল্পীর প্রয়াণে সংগীতজগতে সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতা, যা সহজে পূরণ হওয়ার নয়।


সম্পর্কিত নিউজ