{{ news.section.title }}
মালয়েশিয়ায় ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহের পাইলট প্রকল্প
মালয়েশিয়া এবার একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের কাছে দ্রুত পৌঁছাবে জীবনদায়ী ওষুধ। দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে একটি পাইলট প্রকল্প চালু করা হচ্ছে।
মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) ১১ মে এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগটি স্বাস্থ্য মন্ত্রণালয়, মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং স্থানীয় ড্রোন প্রযুক্তি প্রদানকারীদের সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে।
প্রকল্পটির লক্ষ্য হলো, গ্রামীণ এবং দুর্গম অঞ্চলের স্বাস্থ্য ক্লিনিক থেকে জাতীয় তথ্য প্রচার কেন্দ্র (নাদি) পর্যন্ত ওষুধের সরবরাহ কার্যক্রম প্রদর্শন করা। বিশেষ করে, দ্বীপপুঞ্জ, প্রত্যন্ত গ্রাম এবং যেসব এলাকায় রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা নেই, সেখানে বসবাসকারী মানুষের জন্য দ্রুত এবং সহজে ওষুধ পৌঁছানো নিশ্চিত করা।
এই পাইলট প্রকল্পটির প্রথম ধাপটি আগামী বছরের চতুর্থ প্রান্তিকে দুটি নাদি কেন্দ্রের মাধ্যমে শুরু হবে। এটি শুধুমাত্র প্রযুক্তির উন্নতি নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।