বাণিজ্য শুল্ক বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য শুল্ক বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার কমাতে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। এ লক্ষ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে চার সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র রওনা দিচ্ছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এটি হবে তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা।

রোববার (২৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, আগামী ২৯ ও ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) সঙ্গে আলোচনায় বসবে বাংলাদেশ প্রতিনিধি দল। আগের দুই দফা আলোচনা ইতিবাচক হওয়ায় এবারের বৈঠক থেকেও ফলপ্রসূ অগ্রগতি প্রত্যাশা করছে সরকার।

বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ইতোমধ্যে ২৫টি বোয়িং কেনার একটি বড় চুক্তি সম্পন্ন করেছে, যা ধাপে ধাপে সরবরাহ করা হবে। এছাড়া গম আমদানির চুক্তি চূড়ান্ত হয়েছে এবং সয়াবিন ও তুলা আমদানি সম্পর্কেও আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। এসব চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়লেও এর ফলে দেশের বাজারে ভোক্তাদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং বহুমুখী পণ্য সরবরাহে স্থিতিশীলতা বাড়বে এবং বাজারে প্রতিযোগিতা তৈরি হবে, যা ভোক্তার জন্য ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে আগামী ১ আগস্টের আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু ইতিবাচক ঘোষণা আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সম্পর্কিত নিউজ