‘আমেরিকা-ইসরাইল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’

‘আমেরিকা-ইসরাইল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’
ছবির ক্যাপশান, ‘আমেরিকা-ইসরাইল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Nur Muhammad

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি দাবি করেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্ররা বিগত ২০ বছরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ইয়েমেনে শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মেহের নিউজের খবরে জানানো হয়, ইয়েমেনে এই শহীদ স্মরণ-অনুষ্ঠান পুরো এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে।

আল-হুথি তার বক্তব্যে উল্লেখ করেন, ইসলামী উম্মাহর ইতিহাসে প্রাচীন যুগ থেকে উপনিবেশিক আমল এবং বর্তমান সময় পর্যন্ত বড় বড় বিপর্যয় ঘটেছে। আমেরিকানরা নিজেরাই স্বীকার করেছে যে, গত দুই দশকে তারা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই ইসলামী উম্মাহর অংশ। তিনি বলেন মুসলিম জনগণ যখন দুর্বল অবস্থানে ছিল, তখনই তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে।

অনুষ্ঠানে আল-হুথি শাহাদাতকে ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয়, সেই জাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম।‘

এসময় তিনি উল্লেখ করেন, শত্রুরা (ইসরাইল) মানুষকে ক্ষুধার্ত রেখে ও অস্ত্রের মুখে (গাজায়) জিম্মি করে আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করার লক্ষ্যে মানসিকভাবে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা অন্য দেশ দখল করেছে কেবল নিজেদের স্বার্থে সেখানকার জনগণকে ব্যবহার করার জন্য।

শেষে কঠোর ভাষায় আল হুথি বলেন, ‘এই অত্যাচারী শক্তিগুলোর মধ্যে কোনো দয়া-মায়া নেই- নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা যেকোনো অপরাধ করতে দ্বিধা করে না।‘

সম্পর্কিত নিউজ