{{ news.section.title }}
কেনো হঠাৎ বাংলাদেশের আকাশে নিষিদ্ধ ভারতের ফ্লাইট!
ভারতের জনপ্রিয় এয়ারলাইন্স স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করেছে সরকার। প্রতিষ্ঠানটির বকেয়া এয়ার নেভিগেশন চার্জ পরিশোধ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান সংস্থাটির প্রায় ৪২ কোটি টাকা বকেয়া থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
হঠাৎ নিষিদ্ধ করায় ফ্লাইটগুলোকে বিকল্প রুটে চলতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বাড়ছে এবং যাত্রীদের সময় বেশি ব্যয় হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আকাশসীমা ব্যবহারে বাংলাদেশের এই নিষেধাজ্ঞার কারণে স্পাইসজেটের পূর্বমুখী কিছু ফ্লাইট এখন দীর্ঘ পথ ঘুরে চলাচল করছে। বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী ফ্লাইটগুলোকে বিকল্প আকাশপথ ব্যবহার করতে হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, কলকাতা–গুয়াহাটি ও কলকাতা–ইম্ফল রুটের ফ্লাইটগুলো বাংলাদেশ আকাশসীমা এড়িয়ে চলছে।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রান্তিকে স্পাইসজেট ২৬৯ দশমিক ২৭ কোটি রুপি নিট লোকসানের তথ্য প্রকাশ করেছে। বাড়তি ব্যয় ও এককালীন কিছু খরচের প্রভাবেই লোকসান বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি সমাধানে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। তারা আশা করছেন, পারস্পরিক সমঝোতার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।