{{ news.section.title }}
সৌদি আরব-আমিরাতসহ আরব দেশগুলোর ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর, আর এরই মধ্যে বিশ্বের মুসলিমদের মধ্যে ঈদের সঠিক তারিখ নিয়ে বাড়ছে আগ্রহ ও প্রতীক্ষা।
জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাসে জানা গেছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট দেশের শীর্ষ জ্যোতির্বিদ্যা সংস্থাগুলো এমন ধারণা দিয়েছে।
এদিকে, রমজান মাসের সমাপ্তি ও ঈদের দিন নির্ধারণের জন্য বুধবার (১৮ মার্চ) বৈঠকে বসবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী শাওয়াল মাসের সূচনা এবং ঈদের দিন চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।
যদি ওইদিন সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে ১৯ মার্চ (বৃহস্পতিবার) ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয়ে ২০ মার্চ (শুক্রবার) ঈদ পালিত হবে।
ইসলামি চান্দ্রপঞ্জিকা অনুযায়ী, প্রতিটি মাস চাঁদের অবস্থার ওপর নির্ভর করে ২৯ বা ৩০ দিনে সম্পন্ন হয়।
এ বছর রমজান মাস ৩০ দিনে হওয়ার সম্ভাবনা বেশি বলে আভাস দিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেন, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদের দেখা পাওয়ার সম্ভাবনা নেই। তাই ২০ মার্চ শুক্রবারই ঈদুল ফিতর এবং শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা বেশি।
অন্যদিকে, ওমান-এও একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা। সাম্প্রতিক হিসাব-নিকাশের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ওমান স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ খুঁজে দেখার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি নির্ধারণ করা হবে।
সোমবার (১৬ মার্চ) দেওয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার ১৪৪৭ হিজরি সালের রমজানের ২৯তম দিন।
যদি ওইদিন চাঁদ দেখা যায়, তাহলে পরদিনই ঈদ উদযাপিত হবে। অন্যথায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে।