ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাস ও রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতের নির্ধারিত ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধারকারীরা কৃষ্ণসাগর তীরবর্তী ক্রিমিয়ার একটি দুর্গম পাহাড়ি এলাকায় ধ্বংসাবশেষ খুঁজে পায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “মস্কোর সময় অনুযায়ী ৩১ মার্চ রাত ৮টার দিকে একটি এএন-২৬ সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি ক্রিমিয়ায় একটি পূর্বনির্ধারিত ফ্লাইট অনুযায়ী উড়ছিল।” পরে মন্ত্রণালয় নিশ্চিত করে জানায়, বিমানে থাকা ২৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু-মোট ২৯ জনই নিহত হয়েছেন। প্রাথমিক পর্যায়ে কেউ বেঁচে আছেন-এমন কোনো তথ্য দেওয়া হয়নি।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি একটি খাড়া পাথুরে ঢাল বা পাহাড়ের চূড়ার সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলের অবস্থান ও দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধার অভিযানও জটিল হয়ে ওঠে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী, ঘটনাটি রাতের দিকে ঘটায় অনুসন্ধানকাজে অতিরিক্ত সতর্কতা নিতে হয়। দুর্ঘটনার পর রুশ বাহিনী ও জরুরি সেবাদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটির ইঙ্গিত মিলেছে। আরআইএ ও রয়টার্সের বরাতে বলা হয়েছে, প্রথমিক মূল্যায়নে যান্ত্রিক গোলযোগকেই সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে রুশ কর্তৃপক্ষ এখনো পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক চূড়ান্ত ব্যাখ্যা দেয়নি। ফলে এটি আপাতত প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পাওয়া ধারণা হিসেবেই বিবেচিত হচ্ছে।

এএন-২৬ হলো সোভিয়েত আমলে তৈরি একটি বহুল ব্যবহৃত টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা বহু দশক ধরে রাশিয়া ও সাবেক সোভিয়েত অঞ্চলের বিভিন্ন দেশে মালামাল ও জনবল পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে। তবে বিমানটির দীর্ঘদিনের ব্যবহারের ইতিহাসের সঙ্গে দুর্ঘটনার রেকর্ডও আছে। অতীতে ইউক্রেন, আফ্রিকা ও সাবেক সোভিয়েত অঞ্চলের বিভিন্ন দেশে এ মডেলের একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছে। সে কারণে এই মডেলের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


সম্পর্কিত নিউজ