{{ news.section.title }}
মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল নিয়ে যা জানা যাচ্ছে
অস্ট্রেলিয়ায় একটি বক্তৃতা অনুষ্ঠানে হিটলারকে প্রশংসা করার অভিযোগ ওঠায় বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মিজানুর রহমান আজহারি অনলাইনে প্রায় ১০ মিলিয়ন অনুসারী থাকা একজন জনপ্রিয় বক্তা, যিনি এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলোর প্রবাসী সম্প্রদায়ের মধ্যে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন। তার ‘বিশ্বাসের উত্তরাধিকার’ শিরোনামের ধারাবাহিক বক্তৃতার অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনা ছিল। এই সফরের আওতায় ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তার বক্তব্য দেওয়ার কথা ছিল।
জানা গেছে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের প্রক্রিয়ায় রয়েছেন।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, আজহারি হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন। ঘোষণা করেছেন যে ‘ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং তাদেরকে ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেছেন।
তিনি আরও দাবি করেন যে, ‘এইডসসহ বিশ্বের বিভিন্ন সমস্যার’ জন্য ইহুদিরাই দায়ী এবং অভিযোগ করেন যে, তারাই এই রোগটি আবিষ্কার করেছে।
এদিকে, লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সকালে জানিয়েছেন, আজহারির সফর নিয়ে আগেই তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের সতর্ক করা হয়েছিল। তিনি বলেন, ‘আমি জানি, মন্ত্রী নিজেসহ বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে যোগাযোগ পেয়েছেন।’