বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন
ছবির ক্যাপশান, বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তার এই বক্তব্যের প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারে, যেখানে বড় ধরনের দরপতন দেখা গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে উল্লেখযোগ্যভাবে নিচে নেমে আসে। ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, তবে সুদের হার কমার সম্ভাবনা কমে যাওয়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এদিন স্পট গোল্ডের দাম ২ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২২ দশমিক ৫৯ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বাড়লেও শেষ পর্যন্ত সেই ঊর্ধ্বগতি ধরে রাখতে পারেনি। ফলে টানা চার দিনের মূল্যবৃদ্ধির ধারাও থেমে যায়।

অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচারও ৩ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৬৪৯ ডলারে নেমে এসেছে।

গত ১৯ মার্চের পর স্বর্ণবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এক ভাষণে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসী অভিযান চালিয়ে যাবে এবং তাদের ‘প্রধান কৌশলগত লক্ষ্য’ অর্জনের পথে রয়েছে। এতে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা করা বিনিয়োগকারীরা হতাশ হন।

আরো পড়ুনঃ নতুন দরে সোনা বিক্রি, কত বাড়ল দাম?

বাজার বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে তেলের দাম ও মার্কিন ডলারের মান বেড়ে যাওয়ায় স্বর্ণের চাহিদা কমেছে। ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রোড্ডা বলেন, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা বিকল্প সম্পদের দিকে ঝুঁকছেন, যা স্বর্ণের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন দেখা গেছে। রুপার দাম ৫ দশমিক ৪ শতাংশ কমে ৭১ দশমিক ৭ ডলারের কাছাকাছি নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমেছে।

তবে বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় ভারতের বাজারে স্বর্ণের চাহিদা কিছুটা বেড়েছে। অন্যদিকে, চীনের ক্রেতারা দাম আরও কমার অপেক্ষায় থাকায় সেখানে লেনদেনে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে।


সম্পর্কিত নিউজ