মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসি গোয়েন্দাপ্রধান

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসি গোয়েন্দাপ্রধান
ছবির ক্যাপশান, মেজর জেনারেল মাজিদ খাদেমি | ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) ভোরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি।

বিবৃতিতে সংস্থাটি জানায়, “আমেরিকা ও জায়নিস্টদের হামলায়” খাদেমির মৃত্যু হয়েছে। তাকে “প্রভাবশালী ও উচ্চশিক্ষিত” সামরিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়, যিনি দীর্ঘদিন ধরে ইরানের গোয়েন্দা কাঠামোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরানের নেতাদের “একজন একজন করে খুঁজে বের করা হবে,” যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানের পর থেকেই দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হচ্ছে বলে জানা গেছে। এতে তেহরানের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্ভরযোগ্য কোনো নিশ্চিত তথ্য এখনো স্পষ্ট নয়।

বিশ্লেষকদের মতে, আইআরজিসির গোয়েন্দাপ্রধানের মৃত্যু ইরানের সামরিক কৌশল ও গোয়েন্দা কার্যক্রমে বড় ধরনের ধাক্কা হতে পারে। একই সঙ্গে এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও জটিল ও বিস্তৃত করার আশঙ্কা তৈরি করেছে।


সম্পর্কিত নিউজ