বাংলাদেশের ভিসা নিয়ে কোন কোন দেশ দিয়েছে সতর্কতা?

বাংলাদেশের ভিসা নিয়ে কোন কোন দেশ দিয়েছে সতর্কতা?
ছবির ক্যাপশান, বাংলাদেশের ভিসা নিয়ে কোন কোন দেশ দিয়েছে সতর্কতা?

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যৌথ সতর্কবার্তা দিয়েছে পশ্চিমা ১৩টি দেশ। এতে ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত দাপ্তরিক নিয়ম মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট দেশের সরকারি নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসগুলো সতর্ক করে বলেছে, এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়া বিলম্বিত হতে পারে, আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে এবং এমনকি গন্তব্য দেশে প্রবেশের ক্ষেত্রেও বাধা সৃষ্টি হতে পারে। পাশাপাশি গুরুতর আইনি জটিলতার ঝুঁকিও রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। তাই ‘বিশেষ সুবিধা’ পাইয়ে দেওয়ার দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, শুধুমাত্র যাচাইকৃত তথ্য এবং সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। এতে আবেদন প্রক্রিয়া হবে নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য।

এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া।


সম্পর্কিত নিউজ