{{ news.section.title }}
প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে পাকিস্তানের যুদ্ধবিমান মোতায়েন
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ও সহায়ক বিমান মোতায়েন করেছে পাকিস্তান। দেশটির বিমান বাহিনীর এসব যুদ্ধবিমান ইতোমধ্যে একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিং আবদুলআজিজ বিমানঘাঁটিতে এই মোতায়েনের মূল লক্ষ্য হলো দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং যৌথ সামরিক সক্ষমতা জোরদার করা। এর মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা আরও শক্তিশালী করার উদ্দেশ্য রয়েছে।
তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, কোনো এক দেশের ওপর হামলাকে উভয় দেশের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হবে, যা তাদের সামরিক সহযোগিতাকে আরও ঘনিষ্ঠ করেছে।
এদিকে, এই যুদ্ধবিমান মোতায়েনের ঘটনা এমন সময় ঘটলো, যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সামরিক ভারসাম্য ও কৌশলগত অবস্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে পারে।