দীর্ঘ ২৪ বছর পর নতুন প্রধানমন্ত্রী পেল যে দেশ

দীর্ঘ ২৪ বছর পর নতুন প্রধানমন্ত্রী পেল যে দেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস ২৪ বছর পর নতুন প্রধানমন্ত্রী পেয়েছে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বামপন্থী নেতা রালফ গনসালভেস পরাজিত হন। গনসালভেস ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং ২০০১ সাল থেকে দেশ পরিচালনা করে আসছিলেন। তবে তার নেতৃত্বাধীন ইউনিটি লেবার পার্টি এবার ১৫ আসনের মধ্যে মাত্র একটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়।

অপরদিকে, গডউইন ফ্রাইডের নেতৃত্বাধীন নিউ ডেমোক্রেটিক পার্টি বাকি ১৪টি আসনে জয়ী হয়। মাত্র এক লাখ জনসংখ্যার এ দ্বীপ রাষ্ট্রে এটি ছিল অভূতপূর্ব একটি রাজনৈতিক পরিবর্তন। গনসালভেস শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফলাফল স্বীকার করেননি। তবে তার ছেলে ও সাবেক অর্থমন্ত্রী ক্যামিলো গনসালভেস নিজ নির্বাচনী আসনে পরাজয় মেনে নেন।

৬৬ বছর বয়সী ফ্রাইডে পেশায় একজন ইতিহাসবিদ। তিনি নির্বাচনে নতুন মায়েদের আর্থিক সহায়তা, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে অনিচ্ছুকদের পুনর্বাসন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জন করেন। দায়িত্ব নেওয়ার পর ফ্রাইডে বলেন, ‘আমি জানি আমরা একটি দরিদ্র দেশ। তবে আমাদের যা আছে, তা দিয়ে আরও অনেক কিছু করা সম্ভব। আমি সবাইকে সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানাই।’

নির্বাচন অনুষ্ঠিত হয় এমন এক সময়ে, যখন ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, এর উদ্দেশ্য ভেনেজুয়েলা থেকে মাদক পাচার প্রতিরোধ।

তবে কারাকাস দাবি করেছে, এর লক্ষ্য মাদুরোর ক্ষমতাচ্যুত করা। গনসালভেস আঞ্চলিক সংস্থা সেলাক-এ নিয়মিতভাবে মাদুরোকে সমর্থন করেছেন এবং ২০২৩ সালে মাদুরো ও গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলির মধ্যে বৈঠক আয়োজন করেন। তিনি ব্রাজিলের বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং কিউবার মিগেল দিয়াজ-কানেলের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন।


সম্পর্কিত নিউজ