{{ news.section.title }}
ট্রাম্পের বাড়িতে প্রবেশ চেষ্টাকালে যুবককে গুলি করে হত্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টের সুরক্ষিত সীমানার ভেতরে শটগানসহ গাড়ি নিয়ে প্রবেশ চেষ্টাকালে এক যুবক নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত প্রায় দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, নিহত যুবকের কাছে একটি শটগান এবং একটি গ্যাস ক্যান ছিল।
তিনি আরও জানান, ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন। তখন রিসোর্টে সিক্রেট সার্ভিসের সুরক্ষাধীন অন্য কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না।
আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহত যুবকের নাম নিহত অস্টিন টাকার মার্টিন (২১)। তার বাড়ি উত্তর ক্যারোলিনায়।
পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশ এই বিষয়ে বলেন, ‘রিসোর্টের উত্তর গেট দিয়ে একটি গাড়ি বেরিয়ে যাওয়ার সময় মার্টিন তার গাড়ি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। সেখানে উপস্থিত দুজন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং একজন শেরিফ ডেপুটি তাকে বাধা দিলে তিনি হাতে থাকা গ্যাস ক্যানটি নিচে রেখে শটগানটি লক্ষ্যস্থির করার ভঙ্গিতে উঁচিয়ে ধরেন। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।‘
প্রাথমিকভাবে জানা গেছে, উত্তর ক্যারোলিনা থেকে ফ্লোরিডা আসার পথে মার্টিন এই শটগান কেনে।
অবাক করা বিষয় যে মার্টিনের পরিবার সম্প্রতি তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেছিল। এই ঘটনায় তার পরিবার চরম বিস্ময় প্রকাশ করেছেন।
তার চাচাতো ভাই ব্রেডেন ফিল্ডস সংবাদমাধ্যমকে বলেন, ‘মার্টিন অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন এবং তাদের পুরো পরিবারই ট্রাম্পের কট্টর সমর্থক। এমনকি মার্টিন কখনো রাজনীতি নিয়ে মাথা ঘামাতেন না এবং তিনি ঠিকমতো বন্দুক চালাতেও জানতেন না।‘
এই ঘটনার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, সিক্রেট সার্ভিস অত্যন্ত দ্রুত এবং সাহসিকতার সাথে একজন সশস্ত্র অনুপ্রবেশকারীকে প্রতিহত করেছে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, এই ঘটনার নেপথ্যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না তা জানতে তারা সকল সোর্স নিয়োগ করে তদন্ত শুরু করেছে।
এসময় স্থানীয় বাসিন্দাদের সিসিটিভি ফুটেজ দিয়ে সহায়তা করার অনুরোধ জানায় এফবিআই।