সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য ইসরাইলকে প্রকাশ্যে সতর্ক করেছেন এবং দেশটির নবগঠিত সরকারের সঙ্গে ‘দৃঢ় ও প্রকৃত সংলাপ’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলি হামলার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য আঞ্চলিক ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সোমবার (১ ডিসেম্বর) ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে বলেন, সিরিয়া যেন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে, এ জন্য এমন কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না, যা দেশটির অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে।
তিনি বলেন, ইসরাইলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যেতে হবে।

উল্লেখ্য কয়েক দিন আগেই ইসরাইল সিরিয়ার অভ্যন্তরে নতুন করে হামলা ও অনুপ্রবেশ চালায়।  হামলায় রাজধানী দামেস্কের উপকণ্ঠে অন্তত ১৩ জন নিহত হন।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে ইসরাইলের এই কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে বেইত জিন্ন এলাকায় চালানো ‘নৃশংস ও পরিকল্পিত গোলাবর্ষণ’ -কে পূর্ণ মাত্রার যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়।

যদিও ট্রাম্প তার পোস্টে সরাসরি এই নির্দিষ্ট হামলার কথা উল্লেখ করেননি, তবে তিনি সিরিয়ার নতুন সরকারের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের সন্তুষ্টি প্রকাশ করেন।
গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলের দখলদারিত্ব বিস্তারের ধারাবাহিকতায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার নতুন নেতা, প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রতি প্রশংসা জানিয়ে বলেন, বহু বছরের গৃহযুদ্ধের কারণে দেশটিতে যে সাম্প্রদায়িক অবিশ্বাস তৈরি হয়েছিল, তা দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ট্রাম্পের মন্তব্য, “যুক্তরাষ্ট্র সিরিয়ার উন্নতির অগ্রগতিতে অত্যন্ত সন্তুষ্ট। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে সিরিয়ার সরকার তাদের লক্ষ্যে অবিচল থাকে ও একটি সত্যিকারের সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে।“

বিশ্লেষকরা মনে করছেন, সিরিয়ায় আসাদ-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন এবং দেশটির পুনর্গঠনের প্রচেষ্টার মাঝে ট্রাম্পের এই সতর্কবার্তা ইসরাইল ও সিরিয়ার মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের আগ্রহের ইঙ্গিত দেয়।
তবে ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পর্কিত নিউজ