{{ news.section.title }}
জ্বালানি সংকট মোকাবিলায় হোম-অফিস চালু করছে মালয়েশিয়া
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় আগাম পদক্ষেপ হিসেবে মালয়েশিয়া সরকার হোম-অফিস বা বাসা থেকে কাজের নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে দেশটির সরকারি খাত, সরকার-সংশ্লিষ্ট সংস্থা এবং রাষ্ট্রীয় কোম্পানিগুলোর জন্য এই নির্দেশনা কার্যকর হবে।
বুধবার (১ এপ্রিল) এক বিশেষ ব্রিফিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং হঠাৎ মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পরিবার ও ব্যবসা খাতে পড়ার আগেই সরকার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ‘জনসমর্থন উদ্যোগ’-এর আওতায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে। তাই আগেভাগেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই মধ্যে ‘বুদি মাদানি ৯৫’ কর্মসূচির আওতায় প্রতি মাসে ২০০ লিটার জ্বালানির কোটা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সাবাহ, সারাওয়াক ও লাবুয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল সরবরাহ পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, এসব পদক্ষেপের মূল লক্ষ্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব কমানো এবং ভর্তুকি যেন সঠিকভাবে জনগণের কাছে পৌঁছায় তা নিশ্চিত করা। তিনি আরও জানান, জ্বালানির দাম বৃদ্ধির চাপ সামাল দিতে এবং ভোক্তাদের সুরক্ষা দিতে সরকার বর্তমানে প্রতি মাসে প্রায় ৪ বিলিয়ন রিঙ্গিত ব্যয় করছে।