যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছেছে পাকিস্তানে

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছেছে পাকিস্তানে
ছবির ক্যাপশান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স | ছবিঃ এএফপি

আন্তর্জাতিক কূটনীতির দৃষ্টি এখন নিবদ্ধ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে, যেখানে আজ শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি বৈঠক। এই গুরুত্বপূর্ণ আলোচনাকে ঘিরে পুরো শহরে নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান সরকার।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই একটি মার্কিন সরকারি বিমান ইসলামাবাদে পৌঁছেছে, যা উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহন করে এনেছে। পাকিস্তানের একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিতে এসে পৌঁছেছেন এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

এই আলোচনার মূল উদ্দেশ্য হলো প্রায় ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতের অবসান ঘটানো। ইতোমধ্যে এই সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানির কারণ হয়েছে, যা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

এদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকায় সব ধরনের প্রবেশ ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত যেখানে সাংবাদিকদের প্রবেশের সুযোগ ছিল, বর্তমানে সেটিও কঠোরভাবে নিয়ন্ত্রিত।

তবে রেড জোনের আশপাশে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বেশ লক্ষণীয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য পাকিস্তান সরকার জিন্নাহ কনভেনশন সেন্টার নির্ধারণ করে দিয়েছে, সেখান থেকেই সাংবাদিকরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করছেন।


সম্পর্কিত নিউজ