{{ news.section.title }}
সৌদি আরবে যৌথ অভিযানে ১৯ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সৌদি আরব। দেশটির শ্রম, আবাসন ও সীমান্ত নিরাপত্তা বিধিমালা বাস্তবায়নের অংশ হিসেবে এক সপ্তাহব্যাপী যৌথ নিরাপত্তা অভিযানে ১৯ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিলেন আবাসন আইন লঙ্ঘনকারী, যাদের সংখ্যা ১২ হাজারের বেশি। এছাড়া শ্রম আইন ভঙ্গের দায়ে প্রায় তিন হাজার এবং সীমান্ত নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের অভিযোগে চার হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।
অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা আরও ৬৬৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে অধিকাংশই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি, ৪৫ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
কেবল আইন লঙ্ঘনকারীরাই নয়, তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় প্রদান বা গোপনে নিয়োগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত ২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ১৪ হাজার ৮৯৩ জনকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। আরও এক হাজারের বেশি ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে, আর ১৫ হাজারের বেশি ব্যক্তিকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে বলা হয়েছে।
সৌদি সরকার সতর্ক করে জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। অবৈধ অভিবাসীদের প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় বা যেকোনো ধরনের সহযোগিতার জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি, অবৈধ কার্যক্রমে ব্যবহৃত যানবাহন ও বাসস্থান বাজেয়াপ্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে।