বাংলাদেশ থেকে মুরগি ও ডিম নেবে না সৌদি আরব

বাংলাদেশ থেকে মুরগি ও ডিম নেবে না সৌদি আরব
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। সংস্থাটি বাংলাদেশসহ মোট ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে আংশিক আমদানিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারীসংক্রান্ত সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য রক্ষা এবং দেশের বাজারে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করাই এ পদক্ষেপের মূল উদ্দেশ্য। পরিস্থিতির পরিবর্তন হলে সংশ্লিষ্ট দেশের তালিকা নিয়মিত পর্যালোচনা ও হালনাগাদ করা হবে বলেও জানানো হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে -  বাংলাদেশ, নেপাল, ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নাইজার, নাইজেরিয়া, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, কোট দিভোয়ার ও মন্টিনিগ্রো।

অন্যদিকে যেসব দেশের নির্দিষ্ট অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেগুলো হলো - অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই নিষেধাজ্ঞা কাঁচা মুরগির মাংস ও ডিমের ক্ষেত্রে প্রযোজ্য। তবে তাপপ্রক্রিয়াজাত মুরগির মাংস ও ডিমের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না, যদি তা অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড পূরণ করে। এ ধরনের পণ্যের সঙ্গে অবশ্যই সরকারি সনদ থাকতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বার্ড ফ্লু ও নিউক্যাসল রোগের জীবাণু সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে। পাশাপাশি রপ্তানিকারক দেশের অনুমোদিত স্থাপনায় উৎপাদনের বিষয়টিও নিশ্চিত থাকতে হবে।

সংস্থার কর্মকর্তারা জানান, মূলত বার্ড ফ্লু ও নিউক্যাসল রোগের বিস্তার রোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরব প্রতিবছর বিপুল পরিমাণ ডিম আমদানি করে থাকে। দেশটি ওমান, নেদারল্যান্ডস, জর্ডান, তুরস্ক ও পাকিস্তান থেকে সবচেয়ে বেশি ডিম আমদানি করে। আর মুরগির মাংসের চাহিদার প্রায় ৭০ শতাংশ নিজস্ব উৎপাদনের মাধ্যমে পূরণ করলেও বাকি অংশ প্রধানত ব্রাজিল থেকে আমদানি করা হয়।

এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে ডিম ও মুরগির বাণিজ্যে প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে সৌদি কর্তৃপক্ষ বলছে, জনস্বার্থ ও খাদ্য নিরাপত্তার প্রশ্নে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


সম্পর্কিত নিউজ