হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠানোর ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করল জাপান

হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠানোর  ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করল জাপান
ছবির ক্যাপশান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।| ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বহুজাতিক সামরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন, তাতে সাড়া দেয়নি জাপান।

টোকিও স্পষ্টভাবে জানিয়েছে-এই অঞ্চলে জাপানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা বর্তমানে নেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি জোট গঠনের চেষ্টা চলছে। এই জোটে যোগ দিতে জাপানসহ কয়েকটি দেশকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে জাপান দ্রুতই এ বিষয়ে সতর্ক অবস্থান নেয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক বিবৃতিতে বলেন, “হরমুজ প্রণালীতে নিরাপত্তা জোরদারে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। জাপানের সংবিধান ও আইনি কাঠামোর মধ্যে থেকে আমরা কী ধরনের পদক্ষেপ নিতে পারি, তা নিয়ে সরকার ভাবছে।”

প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি একই ধরনের অবস্থান তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে জাপানের কী করা উচিত এবং কী করা সম্ভব-এই দুই বিষয় আলাদা করে বিবেচনা করা হচ্ছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র নৌবাহিনী মোতায়েন করতে পারে। একই সঙ্গে তিনি মিত্র দেশগুলোকেও নিজেদের জ্বালানি সরবরাহ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

ট্রাম্পের আহ্বানে যেসব দেশকে এগিয়ে আসতে বলা হয়েছে, তাদের মধ্যে রয়েছে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য। তবে এখন পর্যন্ত কোনো দেশই আনুষ্ঠানিকভাবে যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেয়নি। অনেক দেশই এ বিষয়ে সতর্ক অবস্থান নিচ্ছে, কারণ এতে আঞ্চলিক সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সম্পর্কিত নিউজ