মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি
ছবির ক্যাপশান, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কো-এর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর আমন্ত্রণেই তাকে সেখানে নেওয়া হয়েছে।

কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) মোজতবা খামেনির সঙ্গে টেলিফোনে কথা বলেন ভ্লাদিমির পুতিন। এরপর একই দিনে একটি রুশ সামরিক বিমানে করে তাকে মস্কোতে নেওয়া হয়।

এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

রুশ সংবাদমাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিল। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, ‘আমরা এ ধরনের প্রতিবেদনে কখনও কোনো মন্তব্য করতে পারি না।’

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি মোজতবা খামেনির বাবা। ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্য-স্ত্রী, কন্যা, নাতি এবং মোজতবার স্ত্রী-নিহত হন। তবে মোজতবা খামেনি আহত অবস্থায় প্রাণে বেঁচে যান।

মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। তবে ইরানের একাধিক সূত্র জানিয়েছে, তার পায়ে আঘাত লেগেছে এবং সেই আঘাত জীবননাশের মতো গুরুতর নয়।


সম্পর্কিত নিউজ