ইরানের হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র-ইরাক সহযোগিতা আরও জোরদার

ইরানের হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র-ইরাক সহযোগিতা আরও জোরদার
ছবির ক্যাপশান, ইরানের হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র-ইরাক সহযোগিতা আরও জোরদার

ইরাকে অবস্থানরত মার্কিন দূতাবাসের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইরাক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশ বলেছে, ইরাকি ভূখণ্ড যেন কোনো ধরনের সন্ত্রাসী হামলা বা আগ্রাসনের ঘাঁটি হিসেবে ব্যবহার না হয়, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বিবৃতিতে জানানো হয়, ইরাকি জনগণ, দেশটির নিরাপত্তা বাহিনী, কৌশলগত স্থাপনা ও সম্পদের বিরুদ্ধে কোনো হামলা যেন ইরাকের মাটি ব্যবহার করে চালানো না যায়, সে বিষয়ে দুই পক্ষ একসঙ্গে কাজ করবে। একই সুরে মার্কিন কর্মী, কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক জোটের স্বার্থ সুরক্ষার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইরাককে চলমান আঞ্চলিক সামরিক উত্তেজনার বাইরে রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া ইরানকে ঘিরে আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরাকে থাকা মার্কিন ঘাঁটি, দূতাবাস ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো বারবার হামলার ঝুঁকিতে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠীগুলো মার্কিন অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।

একই সঙ্গে ইরাকের ভেতরে পাল্টা সামরিক পদক্ষেপও উত্তেজনা বাড়িয়েছে। গত সপ্তাহে দেশটির পশ্চিমাঞ্চলে ইরানঘনিষ্ঠ পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একটি ঘাঁটিতে বিমান হামলায় অন্তত ১৫ যোদ্ধা নিহত হয়। ওই ঘটনার পর বাগদাদের জন্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভারসাম্য রক্ষা আরও কঠিন হয়ে পড়েছে। নতুন এই সমন্বয় তাই মূলত ইরাককে সরাসরি সংঘাতের ময়দান হয়ে ওঠা থেকে দূরে রাখার কূটনৈতিক ও নিরাপত্তা প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।


সম্পর্কিত নিউজ