ইরান যুদ্ধে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে আরব আমিরাত

ইরান যুদ্ধে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে আরব আমিরাত
ছবির ক্যাপশান, সংযুক্ত আরব আমিরাত | ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালীটি জোরপূর্বক খুলে দিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপে পাশে থাকার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালী সচল করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হতে যাওয়া কোনো যৌথ উদ্যোগে অংশ নিতে আগ্রহী আমিরাত। এ লক্ষ্যেই তারা আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে সক্রিয় হয়ে উঠেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনার বিষয়েও কাজ করছে।

কূটনৈতিক পর্যায়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন মিত্র দেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে আমিরাত। তাদের লক্ষ্য, একটি শক্তিশালী জোট গঠন করে দ্রুততম সময়ে প্রণালীটি পুনরায় চালু করা, যাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে সামরিক তৎপরতা কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মিত্র দেশগুলোর প্রতি বার্তায় তিনি বলেন, প্রয়োজন হলে তারা যুক্তরাষ্ট্র থেকে তেল সংগ্রহ করতে পারে অথবা নিজেদের উদ্যোগে প্রণালী চালুর ব্যবস্থা নিতে পারে।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা হরমুজ প্রণালী গত প্রায় এক মাস ধরে কার্যত অচল অবস্থায় রয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে হয়ে থাকে। ফলে প্রণালীটি বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বিশেষ করে মার্চ মাসে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।


সম্পর্কিত নিউজ