{{ news.section.title }}
ইরান যুদ্ধে কত সেনা হতাহত, জানাল পেন্টাগন
ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। যুদ্ধ তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে প্রকাশিত সাম্প্রতিক তথ্যেই এই হতাহতের সংখ্যা উঠে এসেছে।
পেন্টাগনের তথ্যমতে, নিহতদের মধ্যে সাতজন সরাসরি শত্রুপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কুয়েতে ইরানের এক হামলায় ছয়জন এবং সৌদি আরবে আহত হওয়ার পর একজন সেনার মৃত্যু হয়েছে।
আহত সেনাদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন স্থলবাহিনীর সদস্য—২৪৭ জন। এছাড়া নৌবাহিনীর ৬৩ জন, মেরিন কোরের ১৯ জন এবং বিমানবাহিনীর ৩৬ জন সদস্য আহত হয়েছেন।
আহতদের বড় একটি অংশ মধ্যম ও জ্যেষ্ঠ পর্যায়ের সৈনিক। প্রায় ২০০ জন এই ক্যাটাগরিতে রয়েছেন। পাশাপাশি ৮৫ জন কর্মকর্তা এবং ৮০ জন জুনিয়র পর্যায়ের সদস্যও আহতদের তালিকায় আছেন।
এদিকে শুক্রবার ইরানের হামলায় দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সেনারা এই হতাহতের তালিকায় অন্তর্ভুক্ত কিনা, তা এখনও নিশ্চিত নয়। জানা গেছে, ওই ঘটনায় একজন সেনাকে উদ্ধার করা গেলেও অন্তত একজন এখনো নিখোঁজ রয়েছেন।
প্রায় পাঁচ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ এখন ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছে এবং এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় আঘাত হানছে এবং হরমুজ প্রণালিতে তেল ও গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের ওপর আরও কঠোর সামরিক অভিযান চালানো হবে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সূত্র: আরব নিউজ