লেবাননে একদিনে আরও ৫৪ জনকে হত্যা করল ইসরাইল

লেবাননে একদিনে আরও ৫৪ জনকে হত্যা করল ইসরাইল
ছবির ক্যাপশান, লেবাননে একদিনে আরও ৫৪ জনকে হত্যা করল ইসরাইল

লেবাননে ইসরাইলি হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত ৫৪ জন নিহত এবং ১৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪২২ জনে। একই সময়ে আহত হয়েছেন আরও ৪,২৯৪ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল একযোগে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। যদিও ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবে তা বেশিদিন স্থায়ী হয়নি।

গত ২ মার্চ সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর হামলার পর পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর থেকে উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে এই সংঘাত ধীরে ধীরে বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, লেবাননে ইসরাইলের অব্যাহত হামলা এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়াতেই তারা রকেট হামলা জোরদার করেছে।

এদিকে, চলমান স্থল অভিযানের সময় নিজেদের গুলিতেই ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক সদস্য নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে এটি পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে। বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগও বাড়ছে।

বর্তমান পরিস্থিতিতে নতুন করে যুদ্ধবিরতির কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ায়, লেবাননের সাধারণ মানুষের জন্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।


সম্পর্কিত নিউজ