ইরানকে হরমুজ প্রণালি থেকে টোল নিতে দেওয়া হবে না, টোল নেবে যুক্তরাষ্ট্র

ইরানকে হরমুজ প্রণালি থেকে টোল নিতে দেওয়া হবে না, টোল নেবে যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশান, ইরানকে হরমুজ প্রণালি থেকে টোল নিতে দেওয়া হবে না, টোল নেবে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর টোল আরোপের উদ্যোগ নিয়েছে ইরান-এমন খবর সামনে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই এই গুরুত্বপূর্ণ নৌপথ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না। বরং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রই সেখানে টোল নেবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রাধান্য রয়েছে এবং তারা “বিজয়ী”। এই যুক্তিতে তিনি বলেন, টোল আদায়ের অধিকারও তাদেরই থাকা উচিত। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি বাস্তবে এমন কোনো উদ্যোগ নেয়, তাহলে হরমুজ প্রণালিতে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রশ্ন সামনে আসতে পারে।

এদিকে ইরানকে ঘিরে আরও কঠোর অবস্থানও তুলে ধরেছেন ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে দেশটিকে “এক রাতেই ধ্বংস করে দেওয়া হতে পারে” বলে হুমকি দেন তিনি। স্থানীয় সময় সোমবার দেওয়া ওই বক্তব্যে তিনি জানান, ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে চুক্তিতে আসতে হবে।

তবে এই চাপ সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি নয়। দেশটির অবস্থান হলো, স্থায়ীভাবে হামলা বন্ধ করা এবং যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করা ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সামনে একটি গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা তা নিয়ে আলোচনা করছেন। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই ইরান যুদ্ধবিরতির সেই প্রস্তাব নাকচ করে দেয়। ফলে পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।


সম্পর্কিত নিউজ