{{ news.section.title }}
দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরানের শর্তগুলো
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ১০ দফা শর্ত দিয়েছে ইরান। প্রস্তাবিত এসব শর্তে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আন্তর্জাতিক স্বীকৃতি এবং সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান।
বুধবার (৮ এপ্রিল) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে দেওয়া এই প্রস্তাব বাস্তবায়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে-হরমুজ প্রণালিতে দেশটির অব্যাহত নিয়ন্ত্রণ নিশ্চিত করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির স্বীকৃতি দেওয়া এবং যুক্তরাষ্ট্রের আরোপিত সব প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার।
এছাড়া প্রস্তাবে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে এবং ইরান ও তার মিত্রদের ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং যে কোনো চুক্তিকে কার্যকর ও বাধ্যতামূলক করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি প্রস্তাব গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এসব শর্ত মেনে নেওয়া হলে তা আন্তর্জাতিক আইনের অধীনে একটি বাধ্যতামূলক কাঠামো তৈরি করবে। তাদের মতে, এই প্রস্তাব গৃহীত হলে তা ইরানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে।
এর আগে সম্ভাব্য বড় ধরনের মার্কিন হামলা এড়াতে পাকিস্তান মধ্যস্থতা করে একটি সমঝোতার প্রস্তাব দেয়। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, সমঝোতা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।