লেবানন অন্তর্ভুক্ত না হলে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে - হিজবুল্লাহর সতর্কতা

লেবানন অন্তর্ভুক্ত না হলে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে - হিজবুল্লাহর সতর্কতা
ছবির ক্যাপশান, লেবানন অন্তর্ভুক্ত না হলে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে - হিজবুল্লাহর সতর্কতা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত না করলে পুরো চুক্তিই ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছে হিজবুল্লাহ। ফলে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হিজবুল্লাহর সংসদ সদস্য ইব্রাহিম মুসাউই জানিয়েছেন, এই চুক্তির মধ্যে লেবানন ও ইসরাইল ফ্রন্টও অন্তর্ভুক্ত রয়েছে বলে তারা মনে করেন। তবে ইসরাইল যদি তা মানতে অস্বীকৃতি জানায়, তাহলে শুধু লেবানন নয়, পুরো অঞ্চলসহ ইরানও প্রতিক্রিয়া জানাবে।

অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, এই যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না। ইসরাইলি বাহিনীও জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান এবং স্থল অভিযান অব্যাহত থাকবে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে ইসরাইল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সংঘাতের শুরু থেকেই ইরান বারবার বলেছে, লেবানন ও ইরান একই ফ্রন্টের অংশ এবং যেকোনো চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে।

সব মিলিয়ে লেবাননের পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে। যুদ্ধবিরতি টিকে থাকবে নাকি আবারও সংঘাত বাড়বে, তা নির্ভর করছে লেবানন ইস্যু কীভাবে সমাধান করা হয় তার ওপর।


সম্পর্কিত নিউজ