{{ news.section.title }}
যেখানেই প্রয়োজন, সেখানেই হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরাইল - নেতানিয়াহু
লেবাননে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এক বার্তায় তিনি বলেন, ইসরাইল শক্তি, নির্ভুলতা এবং দৃঢ়তার সঙ্গে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে যেখানেই হোক এই অভিযান অব্যাহত থাকবে।
নেতানিয়াহু জানান, ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের বেসামরিক জনগণের বিরুদ্ধে কোনো ধরনের হামলা বা হুমকি এলে তার কঠোর জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা পুরোপুরি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে এই সামরিক অভিযান বন্ধ হবে না।
এই ঘোষণা এমন সময় এসেছে, যখন লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।