{{ news.section.title }}
ইরান যুদ্ধে ‘মানসিক চাপে’ ৯.৫ লাখ গ্যালন কফি খেয়েছেন মার্কিন সেনারা
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক ভিন্নধর্মী চিত্র তুলে ধরলেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। অপারেশন ‘এপিক ফিউরি’ চলাকালে সেনাদের খাদ্য ও পানীয় গ্রহণের পরিসংখ্যান প্রকাশ করেন তিনি।
প্রায় ছয় সপ্তাহব্যাপী এই অভিযানে মার্কিন সেনারা ৬০ লাখেরও বেশি বেলা খাবার গ্রহণ করেছেন। পাশাপাশি তারা পান করেছেন ৯ লাখ ৫০ হাজার গ্যালনের বেশি কফি, যা প্রায় ৭৬ লাখ কাপের সমান।
এছাড়া অভিযানের সময় ২০ লাখ ক্যান এনার্জি ড্রিংক পান করা হয়েছে বলে জানান কেইন। এর সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে নিকোটিন ব্যবহারের কথাও উঠে আসে তার বক্তব্যে।
সংবাদ সম্মেলনে কেইন বলেন, “পথে আমরা ৬০ লাখেরও বেশি বেলা খাবার খেয়েছি, আমার হিসাবে ৯ লাখ ৫০ হাজার গ্যালনেরও বেশি কফি, ২০ লাখ এনার্জি ড্রিংক এবং প্রচুর নিকোটিন নিয়েছি।” পরে হাস্যরস করে তিনি যোগ করেন, “তবে আমি বলছি না যে আমাদের কোনো সমস্যা আছে।”
যুদ্ধে অংশ নেওয়া সেনাদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে তিনি বলেন, এই ধরনের অভিযান অত্যন্ত কঠিন, অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ। তীব্র গরম, অন্ধকার ও অজানা বিপদের মধ্যেও সেনারা দায়িত্ব পালন করেছেন।
কেইনের ভাষায়, “এটা কঠোর ও নির্মম কাজ। এটা বিশৃঙ্খল, গরম, অন্ধকার, অনিশ্চিত এবং সবসময় অজানা বিপদ থাকে। আমাদের সেনারা গর্বের সঙ্গে সেই অজানার ভেতরে পা রেখেছেন এবং এগিয়ে গেছেন।”
তিনি আরও বলেন, এই পুরো সময়জুড়ে যৌথ বাহিনী সেই অটল মনোবল দেখিয়েছে, যা তাদের কাছ থেকে প্রত্যাশা করা হয়।
অন্যদিকে, একই ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, পেন্টাগন আপাতত তাদের নির্ধারিত দায়িত্ব সম্পন্ন করেছে। তবে পরিস্থিতি বিবেচনায় তারা এখনো অঞ্চলটির কাছাকাছি অবস্থান বজায় রাখবে।