বোতল ছাড়াই পানি পান, এডিবল ওয়াটার পডস রুখে দিচ্ছে প্লাস্টিক দূষণ!

বোতল ছাড়াই পানি পান, এডিবল ওয়াটার পডস রুখে দিচ্ছে প্লাস্টিক দূষণ!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আপনি কি কখনো কল্পনা করতে পারেন যে,এক চুমুক পানি পানের পর সেই পানির আধার বা বোতলটিও অনায়াসেই খেয়ে ফেলা সম্ভব? শুনতে কোনো কল্পকাহিনীর মতো মনে হলেও, বাস্তবেই পরিবেশের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে এডিবল ওয়াটার পডস। বিশ্বজুড়ে প্লাস্টিক বোতলের যে পাহাড় জমেছে, তা দমনে এটি কেবল একটি বিকল্প নয়, একটি বৈপ্লবিক সমাধানও। যেখানে প্লাস্টিকের একটি বোতল শত শত বছরেও মাটিতে মেশে না, সেখানে এই পানির পডটি কয়েক সেকেন্ডে তৃষ্ণা মেটানোর পাশাপাশি নিজের অস্তিত্বইবিলীন করে দেয়!

প্লাস্টিকমুক্ত পৃথিবীর এই নতুন অভিযানে আপনি কি শামিল হতে প্রস্তুত? তবে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক।

​জেলি সদৃশ এই ছোট গোলকগুলো মূলত সমুদ্রের শৈবাল বা সি-উইড থেকে তৈরি প্রাকৃতিক এলজিনেট স্তরে ঢাকা থাকে। বিজ্ঞানিদের জাদুকরী স্পর্শে তৈরি এই খোসাটি ঠিক যেমন মজবুত, তেমনই সম্পূর্ণ ভক্ষণযোগ্য এবং হজমযোগ্য। আপনি চাইলে পুরো পডটিই মুখে দিয়ে দিতে পারেন, অথবা ওপরের স্তরে সামান্য ছিদ্র করে পাঞ্জটুকু পান করে খোসাটি ফেলে দিতে পারেন। যদি ফেলেও দেয়া হয়, তবুও এটি কোনো বর্জ্য তৈরি করে না। সাধারণ ফলের খোসার মতোই চার থেকে ছয় সপ্তাহের মধ্যে প্রকৃতিতে মিশে যায়। ​ম্যারাথন দৌড়বিদদের থেকে শুরু করে বড় বড় উৎসব, যেখানে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ আকাশচুম্বী হয়, সেখানে এই খাওয়ার যোগ্য পানির বল আজ নতুন এক আশার আলো।

বিশ্বে প্রতি বছর বিলিয়ন মিলিয়ন প্লাস্টিক বোতল ব্যবহারের ফলে পরিবেশে যে দূষণ সৃষ্টি হয়, তা এডিবল ওয়াটার পডসের মাধ্যমে কমানো সম্ভব।এর উৎপাদন প্রক্রিয়াও কম শক্তি-নির্ভর এবং জৈব-বিসর্জনযোগ্য, ফলে কার্বন ফুটপ্রিন্ট উল্লেখযোগ্যভাবে কমে।

এডিবল ওয়াটার পডস মানুষের দৈনন্দিন জীবনকেও সহজ করে এবং পরিবেশের সুরক্ষাও বটে। বিশেষ করে উৎসব, স্পোর্টস ইভেন্ট, বা হাইকিং-এর সময় বোতল বহন করার ঝামেলা নেই। একটি পড সহজেই ব্যাগে ফিট হয়, চিপসের মত কম জায়গা নেয়। এটি শিশুদের জন্যও নিরাপদ, কারণ এতে থাকে না কোনো ক্ষতিকারক উপাদান।

বিজ্ঞানীরা বলছেন, এই উদ্ভাবনের পিছনে মূল ধারণা হলো সাসটেইনেবল মেটেরিয়াল ব্যবহার করে দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণ করা। এলজিনেট কেবল পানীয় ধরে রাখে না, এটি পুষ্টিও সরবরাহ করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, পডের ভেতরে ভিটামিন বা ইলেকট্রোলাইট সংযোজন করা সম্ভব, ফলে এটি শুধুই পানি নয়, পুষ্টি-সমৃদ্ধ পানীয় হিসেবেও কাজ করে।

প্লাস্টিকের বোতলের তুলনায় এডিবল ওয়াটার পডসের ব্যবহার শুধু পরিবেশ বান্ধব নয়, মানব স্বাস্থ্যের জন্যও নিরাপদ। বোতলের রি-ইউজ বা রিসাইক্লিং প্রক্রিয়ায় রাসায়নিকের ঝুঁকি থাকলেও, এই পড পুরোপুরি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এতে করে দেহে কোনো ক্ষতিকারক রাসায়নিকের সংস্পর্শ হয় না।

তবে এখনও রয়েছে চ্যালেঞ্জ । বড় পরিসরে উৎপাদন, দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ, এবং আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতার বিষয়গুলো এখনো পরীক্ষা-নিরীক্ষার অন্তর্ভুক্ত। তবে প্রযুক্তিগত উদ্ভাবন, বায়োডিগ্রেডেবল উপাদান, এবং ক্রমবর্ধমান পরিবেশ সচেতনতা এক সঙ্গে মিললে, দ্রুত এডিবল ওয়াটার পডসকে সাধারণ জীবনযাত্রার অংশে পরিণত করে নেয়া সম্ভব হবে।


সম্পর্কিত নিউজ