সৈকতে ঝিনুক ছড়িয়ে থাকার পেছনের কারণ কী?

সৈকতে ঝিনুক ছড়িয়ে থাকার পেছনের কারণ কী?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সমুদ্রসৈকতে আমরা অনেকবারই গিয়েছি। সেখানে বালির ওপর হাঁটতে গিয়ে ছড়িয়ে থাকা রঙিন ঝিনুক চোখে পড়ে অনেকেরই। ছোট থেকে বড়-অনেকেই এসব ঝিনুক কুড়িয়ে নেন। কিন্তু প্রশ্ন হলো, এই ঝিনুকগুলো আসলে আসে কোথা থেকে?

ঝিনুক এমন এক জলজ প্রাণীর খোলস, যাদের শরীরে কোনো হাড় নেই এবং আত্মরক্ষার ক্ষমতা সীমিত। তারা পানির নিচে খুব ধীরে চলাফেরা করে। পানির নিচে অন্যান্য প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য এই শক্ত খোলস বা আবরণ তাদের সুরক্ষা দেয়। এই শক্ত খোলস বা আবরণ প্রাণীর শরীরের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে। সৈকতে কোনো ঝিনুক পাওয়া গেলে ধরে নিতে হবে, ওই খোলসের ভেতরে থাকা প্রাণীটি আর জীবিত নেই।

সামুদ্রিক জীববিজ্ঞানীদের মতে, ঝিনুক কোনো আলাদা বস্তু নয়; বরং এটি সামুদ্রিক প্রাণীর খোলস। সমুদ্রের তলদেশে থাকা শামুক, মোলাস্ক ও কিছু ক্রাস্টেশিয়ান শরীর রক্ষার জন্য ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে শক্ত খোলস তৈরি করে। এই খোলসকেই আমরা ঝিনুক নামে চিনি।

শামুক ও অন্যান্য মোলাস্কজাতীয় প্রাণীরা নিজের শরীর থেকেই শক্ত খোলস তৈরি করে। দেহের বাইরের দিকে থাকা ‘ম্যান্টল’ নামের টিস্যু থেকে প্রোটিন ও ক্যালসিয়াম কার্বোনেট বের হয়। প্রোটিন কাঠামো গড়ে তোলে, আর ক্যালসিয়াম কার্বোনেট সেটিকে শক্ত করে। প্রাণীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়া চলতে থাকে, ফলে খোলস ধীরে ধীরে আরও মজবুত হয়।

এই প্রাণীগুলো মারা গেলে দেহ সমুদ্রে মিলিয়ে গেলেও শক্ত খোলসটি প্রকৃতিতে থেকে যায়। ঢেউ, স্রোত ও জোয়ারের প্রভাবে সেই খোলস ভেঙে বা অক্ষত অবস্থায় সমুদ্রের তলদেশ থেকে সমুদ্র উপকূলের দিকে ভেসে আসে। ধীরে ধীরে সেগুলো জমা হয় সমুদ্রসৈকতের বালুর ওপর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের এক অধ্যাপক জানান, বর্ষাকাল বা ঝড়ের সময় সমুদ্র উত্তাল হলে গভীর সমুদ্রের ঝিনুক বেশি পরিমাণে তীরে ভেসে আসে। ফলে নির্দিষ্ট সময়ে সৈকতে ঝিনুকের সংখ্যা বেড়ে যায়।

অনেক পরিবেশবিদ সতর্ক করে বলেন, অতিরিক্ত ঝিনুক কুড়িয়ে নেওয়া পরিবেশের জন্য ভালো নয়। কারণ অনেক সময় এসব ঝিনুকের ভেতরে ছোট ছোট সামুদ্রিক জীব ও শৈবাল থাকে, যা সামুদ্রিক খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিবেশবাদী সংগঠনগুলোর মতে, ঝিনুক সংগ্রহে অসচেতনতা সমুদ্রের ক্ষতি করতে পারে। তাই তারা পর্যটকদের প্রতি আহ্বান জানাচ্ছে - জীবিত প্রাণীসহ ঝিনুক না তোলার জন্য।


সম্পর্কিত নিউজ