৭টি গাছে মিলবে বিশুদ্ধ বাতাস, শোবার ঘরের বাতাস সতেজ রাখার সহজ উপায়!

৭টি গাছে মিলবে বিশুদ্ধ বাতাস, শোবার ঘরের বাতাস সতেজ রাখার সহজ উপায়!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সারাদিনের ক্লান্তি শেষে প্রশান্তির একটা ঘুমের জন্য শোবার ঘরের পরিবেশ হওয়া চাই সতেজ ও দুষণমুক্ত। কিন্তু বদ্ধ ঘরে এসি বা ফ্যানের বাতাসে প্রায়শই ধুলোবালি এবং ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড জমে থাকে। কৃত্রিম এয়ার পিউরিফায়ারের বদলে প্রকৃতির ছোঁয়ায় ঘরের বাতাস পরিষ্কার রাখতে চান? তাহলে জেনে নিন এমন কিছু ইনডোর গাছের কথা, যা আপনার শোবার ঘরকে করে তুলবে অক্সিজেন হাব।

➤ স্নেক প্ল্যান্ট, রাতের অক্সিজেন ফ্যাক্টরি!
রাতেরবেলা অধিকাংশ গাছ কার্বন ডাই-অক্সাইড ছাড়লেও স্নেক প্ল্যান্ট সরবরাহ করে অক্সিজেন। এটি বাতাসের বিষাক্ত উপাদান দূর করতে অনন্য। খুব কম আলো এবং অল্প পানিতেই এটি বেঁচে থাকে, তাই অলস বাগানীদের জন্য এটি একটি সেরা পছন্দ।

➤ স্পাইডার প্ল্যান্ট, বাতাসের ফিল্টার!
বাতাসের ক্ষতিকর উপাদান শোষণে এই গাছেটির জুড়ি নেই। এর লতানো ধরনের পাতা ঘরের কোণে বা ঝুলন্ত টবে দারুণ দেখায়। বিশেষ করে শিশু বা পোষা প্রাণী আছে এমন ঘরের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ।

➤ পিস লিলি, প্রশান্তির সাদা ফুল!
সাদা ফুল আর গাঢ় সবুজ পাতার এই গাছটি ঘরের আর্দ্রতা বজায় রাখতে সক্ষম। এটি বাতাস থেকে গন্ধ ও ক্ষতিকর বাষ্প শুষে নেয়। খুব অল্প আলো পেলেও এটি নিজের সৌন্দর্য বজায় রাখতে পারে।

➤ অ্যালোভেরা, বহুগুণী সবুজ সঙ্গী!
অ্যালোভেরা শুধু ত্বকের যত্নেই নয়, বাতাসের মান উন্নত করতেও অনেক সহায়ক। ঘরের ছোট্ট জানালার পাশে বা টেবিলের কোণে এটি অনায়াসেই রেখে দেয়া যায়।

➤ আরেকা পাম, প্রাকৃতিক হিউমিডিফায়ার!
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বাতাস শুষ্ক হয়ে যায়। আরেকা পাম প্রাকৃতিকভাবে বাতাসে জলীয়বাষ্প ছেড়ে ঘরের শুষ্কতা কমিয়ে আনে। এটি ঘরকে দেয় একটি রাজকীয় লুক।

➤ মানি প্ল্যান্ট
যেকোনো পরিবেশেই মানি প্ল্যান্ট সহজে নিজেলে মানিয়ে নিতে পারে। এটি যেমন মাটির টবে বাঁচে, তেমনি শুধু কাঁচের বোতলে পানিতেও রাখা যায়। এটি বাতাস থেকে ফরমালডিহাইডের মতো দূষক দূর করে।

➤ ইংলিশ আইভি, আভিজাত্য ও বিশুদ্ধতা!
যাঁরা সাধারণত অ্যাজমা বা অ্যালার্জিতে ভোগেন, তাঁদের জন্য ইংলিশ আইভি অত্যন্ত কার্যকর। এটি বাতাস থেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র দূষণ কণা সরাতে সক্ষম। ঝুলন্ত অবস্থায় এটি ঘরের আভিজাত্য বাড়ায়।

ঘরে গাছ রাখার জরুরি কিছু টিপস-
◑ অতিরিক্ত পানি বর্জন করতে হবে। টবে পানি জমতে দেয়া যাবে না, এতে মশা বা ফাঙ্গাস হতে পারে।

◑ পাতা পরিষ্কার রাখতে হবে। পাতার ওপর ধুলো জমলে গাছের অক্সিজেন দেওয়ার ক্ষমতা কমে যায়, তাই নিয়মিত ভেজা কাপড় দিয়ে পাতা মুছে দিন।

◑ ভারসাম্য রক্ষা করতে হবে। একটি মাঝারি ঘরের জন্য ২ থেকে ৪টি গাছই যথেষ্ট।

◑ পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা করতে হবে। সপ্তাহে অন্তত একদিন জানালা খুলে সরাসরি প্রাকৃতিক বাতাস ও বিকেলের নরম আলো ঘরে ঢুকতে দিন।

শোবার ঘরে ইনডোর গাছ সাজসজ্জার পাশাপাশি, একটি সুস্থ জীবনধারারও অংশ। সঠিক গাছ নির্বাচন আপনার মানসিক প্রশান্তি বাড়াবে এবং গভীর ঘুমেও সহায়তা করবে।


সম্পর্কিত নিউজ