সর্দি ছাড়াই নাক বন্ধ? বিস্তারিত জানুন কারণ ও প্রতিকার

সর্দি ছাড়াই নাক বন্ধ? বিস্তারিত জানুন কারণ ও প্রতিকার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সর্দি নেই, জ্বর নেই, এমনকি কাশিও নেই! অথচ হঠাৎ-ই খেয়াল করলেন আপনার এক পাশের নাক বন্ধ হয়ে আছে। আবার কিছুক্ষণ পর তা নিজে থেকেই ঠিক হয়ে গেল। এমন অদ্ভুত সমস্যায় আমরা অনেকেই পড়ি এবং চিন্তিত হয়ে পড়ি। চিকিৎসকদের মতে,এটি সবসময় কোনো রোগের লক্ষণ নয়, বরং আমাদের নাকের ভেতরের এক জটিল এয়ার-কন্ডিশনিং ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম।

নাসাল সাইকেল, নাকের নিজস্ব বিশ্রাম পদ্ধতি!
আমাদের নাকের ভেতরে স্পঞ্জের মতো টারবিনেট টিস্যু থাকে। শরীর স্বয়ংক্রিয়ভাবে কয়েক ঘণ্টা পরপর এক পাশের টিস্যু ফুলিয়ে অন্য পাশকে সঙ্কুচিত করে। একে বলা হয় নাসাল সাইকেল। এর উদ্দেশ্য হলো এক পাশকে বিশ্রাম দিয়ে অন্য পাশ দিয়ে শ্বাসকার্য চালানো। এটি কোনো রোগ নয়, এটি শরীরের একটি স্বাভাবিক ছন্দ মাত্র।

অ্যালার্জি! 
আবার অনেক সময় সর্দি না থাকলেও ধুলাবালি, ধোঁয়া, কড়া সুগন্ধি বা পরাগরেণুর সংস্পর্শে এলেও আমাদের নাকের টিস্যু ফুলে যায়। একে বলা হয় অ্যালার্জিক প্রতিক্রিয়া। হিস্টামিন নিঃসরণের ফলে বাতাসের পথ সরু হয়ে যায়, ফলে কোনো সর্দি ছাড়াই নাক বন্ধ অনুভূত হয়।

তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাব!
এসি রুমের শুষ্ক বাতাস বা হঠাৎ গরম থেকে ঠান্ডা পরিবেশে গেলে নাক তার ভেতরের আর্দ্রতা বজায় রাখতে টিস্যুগুলোকে ফুলিয়ে দেয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে এই হঠাৎ নাক বন্ধ হওয়ার প্রবণতা বেশি লক্ষ করা যায়।

ঘুমানোর ভঙ্গি ও মাধ্যাকর্ষণ!
আপনি কি লক্ষ্য করেছেন, এক কাতে শুয়ে থাকলে নিচের দিকের নাকটি বন্ধ হয়ে আসে! এটি মাধ্যাকর্ষণের কারণে হয়ে থাকে। নিচের দিকের টিস্যুতে রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে তা ফুলে ওঠে। ভঙ্গি বদলালে এটি আবার দ্রুত ঠিক হয়ে যায়।

গঠনগত কারণ: 
যদি নাকের মাঝখানের হাড় বা দেয়াল (সেপটাম) জন্মগতভাবে বা আঘাতের কারণে কিছুটা বাঁকা থাকে, তবে এক পাশ স্বাভাবিকভাবেই সরু থাকে। নাসাল সাইকেলের সময় যখন সেই সরু পাশটি ফুলে ওঠে, তখন বন্ধভাবটি অনেক বেশি প্রকট হয়ে ধরা পড়ে।

কখন এটি স্বাভাবিক আর কখন সতর্ক হবেন?
যদি কয়েক ঘণ্টা পর নিজে থেকেই ঠিক হয়ে যায়, কোনো ব্যথা বা জ্বর না থাকে এবং পরিবেশ বদলালে আরাম মেলে,তখন হবে যে এটি স্বাভাবিক।

আর যদি প্রতিদিন দীর্ঘ সময় নাক বন্ধ থাকে এবং  এর সাথে মাথাব্যথা, মুখে চাপ অনুভব করা, বা নাক দিয়ে দুর্গন্ধযুক্ত স্রাব বের হয়। এটি সাইনাস, পলিপ বা জটিল কোনো সমস্যার লক্ষণ হতে পারে।

স্বস্তির নিঃশ্বাস পেতে করণীয়:
১. পরিবেশ পরিষ্কার রাখা। ঘর ও বিছানার চাদর নিয়মিত ধুলামুক্ত রাখুন।

২. আর্দ্রতা বজায় রাখতে হবে। এসি রুমে থাকলে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন বা প্রচুর পানি পান করুন।

৩. শোয়ার ভঙ্গির দিকে নজর দেয়া উচিত। শোয়ার সময় মাথা সামান্য উঁচুতে রাখুন এবং পাশ পরিবর্তন করুন।

৪. নাসাল ওয়াশ করুন। লবণ-পানির নাসাল স্প্রে বা স্যালাইন ওয়াশ ব্যবহার করলে টিস্যুর ফোলা কমে দ্রুত আরাম মেলে।

নাক কেবল বাতাস ঢোকার পথ নয়, এটি শরীরের  অত্যন্ত সংবেদনশীল একটি অংশ। সর্দি ছাড়াই নাক বন্ধ হওয়া মূলত শরীরের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থারই বহিঃপ্রকাশ। 


সম্পর্কিত নিউজ