ঘুমে কুকুরের নড়াচড়া: কারণ জানুন!

ঘুমে কুকুরের নড়াচড়া: কারণ জানুন!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পা কাঁপছে, লেজ নাড়ছে, আর ঘুমের ঘোরেই হালকা ঘেউ ঘেউ-ও করছে! আপনি যদি কুকুরপ্রেমী হন, তবে আপনার পোষ্যকে এভাবে ঘুমাতে দেখে আপনি নিশ্চয়ই অনেকবার হেসেছেন। কখনও কি ভেবেছেন, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওভাবে পা ছোড়াছুড়ি করে সে কার পেছনে দৌড়াচ্ছে? আমাদের মতোই কি তারা রঙিন স্বপ্ন দেখে, নাকি এগুলো কেবলই স্নায়বিক কোনো কাঁপুনি? আধুনিক স্নায়ুবিজ্ঞান বলছে, আপনার প্রিয় কুকুরটি ঘুমের ঘোরে, সত্যিই তার নিজস্ব এক কাল্পনিক জগতে ঘুরে বেড়াচ্ছে।

ঘুমের রয়েছে দুটি প্রধান স্তর।
১। NREM (গভীর বিশ্রাম) ও

২। REM (স্বপ্ন-সক্রিয়)।

REM পর্যায়ে মস্তিষ্কের কার্যকলাপ জেগে থাকার মতোই সক্রিয় হয়ে ওঠে। চোখের পাতা দ্রুত নড়ে, ছন্দ বদলায় শ্বাস-প্রশ্বাসের এবং  মস্তিষ্ক স্মৃতি, অনুভূতি ও দিনের অভিজ্ঞতা প্রক্রিয়াজাত করে থাকে। কুকুরের ওপর করা স্নায়ুবৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, তাদের REM ঘুমের প্যাটার্ন মানুষের সঙ্গে বিস্ময়করভাবে মিল রাখে। অর্থাৎ, এই সময় তাদের মস্তিষ্কও স্বপ্নের মতো অভিজ্ঞতা তৈরি করতে পারে।

কেন পা নড়ে, শব্দ হয়?
REM ঘুমে মস্তিষ্ক সক্রিয় থাকলেও শরীর সাধারণত শিথিল থাকে, যাতে স্বপ্নের ক্রিয়া বাস্তবেও না ঘটে। তবে এই মাসল ইনহিবিশন সম্পূর্ণ নিখুঁত নয়। ফলে স্বপ্নে দৌড়ানোর অভিজ্ঞতা হলে পায়ের পেশিতে ক্ষুদ্র সাড়া লক্ষণীয় হয়। তাই কুকুরের পা কাঁপে, গোঁ গোঁ শব্দ হয়, কখনো কখনো কানও নড়ে।

কী ধরনের স্বপ্ন দেখতে পারে?
কুকুরের দৈনন্দিন জীবন যেমন- দৌড়ানো, খেলা, মালিকের সঙ্গে সময় কাটানো, গন্ধ অনুসরণ ইত্যাদি তাদের মস্তিষ্কে স্মৃতি হিসেবে থাকে। ধারণা করা হয়, স্বপ্নে তারা এসব অভিজ্ঞতাই পুনরাবৃত্তি করে। যেমন মানুষ দিনের ঘটনা স্বপ্নে দেখে, কুকুরও তেমন তার পরিচিত কাজগুলো রিহার্স করে থাকে।

ছোট কুকুর বেশি নড়ে কেন?
পর্যবেক্ষণে দেখা যায়, ছোট আকারের কুকুরের REM চক্র তুলনামূলকভাবে দ্রুত আসে। তাই তারা ঘন ঘন স্বপ্ন-সাড়া দেখায়। পক্ষান্তরে, বড় কুকুরে REM পর্যায় কিছুটা দীর্ঘ বিরতিতে আসে।
পাপি বা বাচ্চা কুকুরের মস্তিষ্ক দ্রুত শিখছে, তাদের নতুন নতুন অভিজ্ঞতা জমছে। ফলে তাদের REM ঘুম বেশি হয়, এবং স্বপ্নের সময় শরীরের নড়াচড়াও অনেক বেশি দেখা যায়।

এমতাবস্থায় কি জাগিয়ে দেওয়া উচিত?
ঘুমের মধ্যে কুকুর নড়াচড়া করলে হঠাৎ জাগিয়ে দেওয়া একদমই ঠিক নয়। এতে সে বিভ্রান্ত হয়ে যেতে পারে বা চমকে উঠতে পারে। যদি অস্বাভাবিক তীব্র খিঁচুনি বা দীর্ঘ সময় ধরে অস্থিরতা লক্ষনীয় হয়, তবেই একমাত্র সতর্ক হওয়া দরকার, এছাড়া এটি তাদের ঘুমের স্বাভাবিক প্রতিক্রিয়া।

স্বপ্ন দেখা মানেই কি সুস্থ মস্তিষ্ক!
REM ঘুম মূলত স্মৃতি গঠন, শেখা ও মানসিক ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ। কুকুরের স্বপ্ন-সাড়া দেখা মানে তার স্নায়ুতন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে, মস্তিষ্ক অভিজ্ঞতা প্রক্রিয়াজাত করছে।

ঘুমন্ত কুকুরের কাঁপা পা, নড়তে থাকা কান, হালকা ডাকই ইঙ্গিত দেয়,যে সে স্বপ্নের ভেতর দিয়ে হাঁটছে। মানুষের মতোই তার মস্তিষ্ক REM ঘুমে সক্রিয় হয়ে দিনের অভিজ্ঞতা সাজিয়ে নেয়। তাই এই নড়াচড়া অস্বাভাবিক নয়, বরং একটি সুস্থ, সক্রিয় মস্তিষ্কের স্বাভাবিক চিহ্ন।


সম্পর্কিত নিউজ