জানুন পাকা চুল তোলা নিয়ে ইসলামের স্পষ্ট বিধান!

জানুন পাকা চুল তোলা নিয়ে ইসলামের স্পষ্ট বিধান!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

সময়ের আবর্তে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার প্রথম সাদা চুলটি দেখে অনেকেই বিচলিত হয়ে পড়েন। কেউ কেউ তো একে লুকাতে উদগ্রীব হয়ে যান। অনেকেই আবার টেনে তুলে ফেলেন। কিন্তু ইসলামের দৃষ্টিতে এই সাদা চুল কেবল বয়সের চিহ্নই নয়, এটি মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত এবং পরকালের এক উজ্জ্বল আলোকবর্তিকা।

কথিত আছে যে, মানব ইতিহাসের সর্বপ্রথম যার চুল সাদা হয়েছিল, তিনি হলেন মুসলিম উম্মাহর পিতা হযরত ইবরাহীম (আ.)। এটি মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান ও গাম্ভীর্যের প্রতীক হিসেবে তাকে দান করা হয়েছিল।

কেন সাদা চুল মুমিনের জন্য নেয়ামত?
চুল পাকার মাধ্যমে মানুষের সামাজিক মর্যাদা ও গাম্ভীর্য বৃদ্ধি পায়। ছোট বড় সবাই তাকে মুরুব্বী হিসেবে শ্রদ্ধা প্রদর্শন করেন। তবে এর চেয়েও বড় মহিমা বর্ণিত হয়েছে হাদীস শরীফে।

আল্লাহর রসূল (ﷺ) বলেন, ‘‘যে ব্যক্তির ইসলামে অর্থাৎ জিহাদ, আল্লাহর ভয় প্রভৃতির কারণে একটি চুলও পাকে, সেই ব্যক্তির জন্য ঐ সাদা চুলটি কিয়ামতের দিন জ্যোতি হবে।’’ [ তিরমিযী, নাসাঈ, সিলসিলাহ সহীহাহ]

তিনি আরো বলেন, ‘‘শুভ্র কেশ মুমিনের নূর (জ্যোতি)। ইসলামে যে ব্যক্তিরই একটি কেশ শুভ্র হবে, সেই ব্যক্তির প্রত্যেক শুভ্র কেশের পরিবর্তে একটি করে নেকী লাভ হবে এবং একটি করে মর্যাদায় সে উন্নীত হবে।’’ [ইবনে হিববান, বাইহাকীর শুআবুল ঈমান, সিলসিলাহ সহীহাহ ]

আর সে জন্যই চুল পেকে গেলে তা তুলে বা ছিঁড়ে ফেলা বৈধ নয়। চুল পেকে গেলে তা তুলে ফেলা বা ছিঁড়ে ফেলাকে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে।

আল্লাহর রসূল (ﷺ) বলেন, ‘‘তোমরা শুভ্র কেশ তুলে ফেলো না। কেননা তা কিয়ামতের দিনে নূর (জ্যোতি) হবে। ইসলামে যে ব্যক্তির একটি কেশ শুভ্র হবে, সেই ব্যক্তির প্রত্যেক শুভ্র কেশের পরিবর্তে আল্লাহ তার জন্য একটি করে নেকী লিপিবদ্ধ করবেন, একটি করে গোনাহ ঝরিয়ে দেবেন এবং একটি করে মর্যাদা বৃদ্ধি করবেন।’’[ইবনে হিববান, সহীহ তারগীব]

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, চুল সাদা হলে কি তবে রঙও করা যাবে না!
ইসলামের বিধান অনুযায়ী, সাদা চুলকে মেহেদি বা অন্য রঙ (কালো ছাড়া) দিয়ে পরিবর্তন করা জায়েজ এবং এটি সুন্নাহ। তবে কৃত্রিম উপায়ে টেনে ছিঁড়ে ফেলা বা সমূলে উৎপাটন করাকে নিরুৎসাহিত করা হয়েছে।

বার্ধক্য বা সাদা চুল মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সাইলেন্ট রিমাইন্ডার এবং পরকালের পাথেয়। সাদা চুলের শুভ্রতায় মুমিনের চেহারায় যে নূর ফুটে ওঠে, তা পৃথিবীর যেকোনো কৃত্রিম সৌন্দর্যের চেয়ে অনেক বেশি দামী।


সম্পর্কিত নিউজ