মসুর ডালের জাদুকরী ছোঁয়ায় যেভাবে উজ্জ্বল হবে আপনার ত্বক!

মসুর ডালের জাদুকরী ছোঁয়ায় যেভাবে উজ্জ্বল হবে আপনার ত্বক!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

দামি দামি সব সিরাম আর ফেসওয়াশের ভিড়ে আমরা ভুলেই গেছি আমাদের দাদীনানীদের সেই চিরন্তন রহস্য, একমুঠো মসুর ডালের কথা। আয়ুর্বেদ থেকে আধুনিক চর্মবিজ্ঞান, সবাই একবাক্যে স্বীকার করছে যে মসুর ডাল শুধু একটি খাবার নয়, ত্বকের জন্যও এক অপ্রতিদ্বন্দ্বী উপাদান!

কালচে ভাব বা ট্যান দূরীকরণ:
মসুর ডালে থাকা ভিটামিন ও মিনারেল ত্বকের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। ত্বকে ব্যবহারের জন্য ২ চামচ মসুর ডাল বাটা, ১ চামচ কাঁচা দুধ এবং এক চিমটি হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের রং উজ্জ্বল হয়।

ডার্ক স্পট বা দাগ দূর: মুখে ব্রণের দাগ বা রোদে পোড়া দাগ থাকলে মসুর ডাল সেই দাগ হালকা করতে সাহায্য করে। ফেসপ্যাক বানানোর জন্য, মসুর ডাল বাটার সাথে সামান্য লেবুর রস এবং মধু মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। মধু ত্বককে ময়েশ্চারাইজ করবে এবং লেবু ও ডাল প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে দাগ দূর করবে।

ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস পরিষ্কার করে:
মসুর ডালের দানাদার গঠন ত্বকের লোমকূপের গভীরে জমে থাকা ময়লা বের করে আনতে সক্ষম।আধা ভাঙা মসুর ডালের সাথে সামান্য ওটস এবং দই মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। হালকা হাতে ৩-৫ মিনিট ম্যাসাজ করলে ব্ল্যাকহেডস কমে যায় এবং ত্বক মসৃণ হয়।

বয়সের ছাপ বা বলিরেখা কমায়!
মসুর ডালে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে এবং অকাল বার্ধক্য রোধ করে। মসুর ডাল বাটার সাথে সামান্য ডিমের সাদা অংশ মিশিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করুন। এটি ত্বককে টানটান করতে সাহায্য করে।

মুখের অবাঞ্ছিত লোম দূর করে:
প্রাচীনকাল থেকেই মুখের হালকা লোম দূর করতে মসুর ডালের ব্যবহার চলে আসছে। এজন্য মসুর ডাল বাটা এবং বেসন একসাথে মিশিয়ে ঘন প্রলেপ দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে আলতো করে ঘষে তুলে ফেলুন। নিয়মিত ব্যবহারে লোমের বৃদ্ধি কমে আসে।

সতর্কতা ও টিপস :
☞ যদি আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়, তবে মসুর ডালের সাথে অবশ্যই মধু বা গ্লিসারিন যোগ করবেন, কারণ এটি ব্যবহারের পর ত্বক কিছুটা শুষ্ক হতে পারে।

☞ প্রথমবার ব্যবহারের আগে কানের পেছনে বা হাতের তালুতে সামান্য লাগিয়ে দেখে নিন কোনো চুলকানি বা র‍্যাশ হয় কি না।

☞  প্যাক ধোয়ার পর ত্বকে অবশ্যই একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।


সম্পর্কিত নিউজ