ওজন কমাতে আলু নয়, পাতে রাখুন মিষ্টি আলু! জানুন এর ম্যাজিক

ওজন কমাতে আলু নয়, পাতে রাখুন মিষ্টি আলু! জানুন এর ম্যাজিক

আপনি কি ভাবছেন মিষ্টি আলু মানেই কেবল সেদ্ধ করা একঘেয়ে খাবার? যদি ভেবে থাকেন তবে ভুল ভাবছেন! বিশ্বজুড়ে ফিটনেস ফ্রিক আর শেফদের কাছে মিষ্টি আলু এখন এক কালারফুল রেভল্যুশন। এর চমৎকার রঙ আর ক্রিমি টেক্সচার আপনার সোশ্যাল মিডিয়া ফিড উজ্জ্বল করবে না শুধু বরং আপনার শরীরে দেবে এক বিশাল এনার্জি বুস্ট।

শক্তির প্রাকৃতিক উৎস!
মিষ্টি আলুর প্রধান উপাদান হলো জটিল কার্বোহাইড্রেট। এটি ধীরে ধীরে ভেঙে শক্তি সরবরাহ করে। ফলে দীর্ঘ সময় শরীর কর্মক্ষম থাকে। সাধারণ চিনি বা প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট দ্রুত শক্তি দিলেও তা দ্রুতই কমে যায়। কিন্তু মিষ্টি আলু শরীরে ধীরে শক্তি দেয়, যা দীর্ঘসময় স্থায়ী হয়। তাই অনেক ক্রীড়াবিদ বা শারীরিক পরিশ্রমী মানুষ খাদ্যতালিকায় এটি রাখেন।

দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক!
মিষ্টি আলুর কমলা রঙের ভেতরের অংশে থাকে বিটা-ক্যারোটিন নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরে প্রবেশ করার পর এটি ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রেটিনার কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এবং অন্ধকারে দেখার ক্ষমতা উন্নত করতে ভূমিকা রাখে।যেসব খাদ্যে প্রাকৃতিকভাবে বিটা ক্যারোটিন বেশি থাকে, সেগুলো চোখের জন্য উপকারী বলে বিবেচিত হয়।

হজমশক্তি উন্নত করে!
মিষ্টি আলুতে উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য আঁশ বা ডায়েটারি ফাইবার থাকে। এই আঁশ হজম প্রক্রিয়াকে সহজ করে এবং অন্ত্রের স্বাভাবিক গতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য কমতে পারে, অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় এবং  হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। এ কারণে পুষ্টিবিদরা অনেক সময় মিষ্টি আলুকে অন্ত্রবান্ধব খাবার হিসেবে বিবেচনা করে থাকেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক!
মিষ্টি আলুতে ভিটামিন সি, ভিটামিন এ এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল থেকে সুরক্ষা দেয়। ফলে কোষের ক্ষতি কম হতে পারে এবং দীর্ঘমেয়াদে শরীরের বিভিন্ন জৈব প্রক্রিয়া সুস্থভাবে চলতে পারে।

হৃদ্‌স্বাস্থ্যের জন্য সহায়ক!
মিষ্টি আলুতে পটাশিয়াম থাকে, যা শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। পটাশিয়াম হৃদ্‌পেশির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ খনিজ। খাদ্যতালিকায় পটাশিয়াম সমৃদ্ধ খাবার থাকলে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় থাকে।

ত্বকের জন্য উপকারী!
মিষ্টি আলুতে থাকা বিটা ক্যারোটিন ও ভিটামিন সি ত্বকের জন্যও গুরুত্বপূর্ণ। বিটা ক্যারোটিন ত্বককে সূর্যালোকের ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা সুরক্ষা দিতে সাহায্য করতে পারে। অন্যদিকে ভিটামিন সি কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে, যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সহায়ক।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক!
অনেকেই মনে করেন মিষ্টি আলু খেলে ওজন বাড়ে। কিন্তু বাস্তবে এটি পরিমাণমতো খেলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। কারণ, এতে ফাইবার বেশি থাকে, পেটও দীর্ঘ সময় ভরা রাখে। এছাড়া অতিরিক্ত ক্ষুধা কমাতে সাহায্য করে। ফলে, অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে।

রক্তে শর্করার ভারসাম্য!
মিষ্টি আলুতে থাকা জটিল কার্বোহাইড্রেট ধীরে ধীরে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয়। ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে না। তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে খাদ্যতালিকায় এটি যুক্ত করার আগে পরিমাণ ও পদ্ধতি সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।

মস্তিষ্কের কার্যক্রমে ভূমিকা!
মিষ্টি আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন শরীরের কোষকে সুরক্ষা দেয়। মস্তিষ্কের কোষও এর অন্তর্ভুক্ত। পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণ করলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করতে পারে।

কীভাবে খেলে সবচেয়ে উপকারী?
মিষ্টি আলু বিভিন্নভাবে খাওয়া যায়। ভাপা, সেদ্ধ, ওভেনে বেক করা, হালকা মশলা দিয়ে রান্না। তবে অতিরিক্ত তেলে ভাজা হলে এর পুষ্টিগুণ কিছুটা কমে যেতে পারে।

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে মিষ্টি আলু যুক্ত করলে শরীরের নানা জৈবিক প্রক্রিয়া সুস্থ রাখতে এটি সহায়ক ভূমিকা রাখতে পারে।


সম্পর্কিত নিউজ