{{ news.section.title }}
এক পায়ে দাঁড়িয়েই ঘুম! ফ্লেমিঙ্গোর এই অদ্ভুত আচরণের আসল কারণ জানুন!
ভাবুন তো, আপনি এক পায়ে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছেন! শুনতে অসম্ভব মনে হচ্ছে? আপনার জন্য অসম্ভব মনে হলেও ফ্লেমিঙ্গো পাখিদের জন্য এটিই সবচেয়ে আরামদায়ক বিশ্রাম। কিন্তু কীভাবে জানেন! দীর্ঘ গলা আর গোলাপি আভার এই মায়াবী পাখিরা যখন জলাশয়ে দলবেঁধে এক পায়ে স্থির হয়ে থাকে, তখন তার পেছনে কাজ করে পদার্থবিজ্ঞানের এক জাদুকরী ভারসাম্য। আজকের বিশদ প্রতিবেদনে আমরা উন্মোচন করব ফ্লেমিঙ্গোদের এই রহস্যময় ব্যালেন্সিং অ্যাক্ট এর নেপথ্য কাহিনী।
আমরা যদি এক পায়ে দাঁড়িয়ে থাকতে চায়, তবে কয়েক মিনিটের মধ্যেই শরীরের পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ে এবং আমরা ভারসাম্য হারাতে থাকি। কিন্তু ফ্লেমিঙ্গোরা ঘণ্টার পর ঘণ্টা এমনকি ঘুমের ঘোরেও এক পায়ে অটল থাকতে পারে। দীর্ঘদিন ধরে এটি বিজ্ঞানীদের কাছে একটি বড় ধাঁধা ছিল। অনেকেই মনে করতেন এটি হয়তো স্রেফ ক্লান্তি দূর করার কৌশল, কিন্তু সাম্প্রতিক সময়ের গবেষণায় উঠে এসেছে অত্যন্ত চমকপ্রদ কিছু বৈজ্ঞানিক তথ্য।
প্রাণিবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের সমন্বয়ে ফ্লেমিঙ্গোদের এই অভ্যাসের পেছনে মূলত রয়েছে দুটি প্রধান কারণ :
১. শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ: পাখিরা তাদের শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে । ফ্লেমিঙ্গোরা সাধারণত দীর্ঘ সময় পানিতে দাঁড়িয়ে থাকে। পানি বাতাস অপেক্ষা দ্রুত শরীর থেকে তাপ শুষে নেয়। ফ্লেমিঙ্গোর পাগুলো যেহেতু দীর্ঘ এবং পালকহীন, তাই পা দিয়ে প্রচুর পরিমাণে শরীরের তাপ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিজ্ঞানীদের মতে, এক পা পালকের ভেতরে গুটিয়ে রাখার মাধ্যমে তারা শরীরের প্রায় অর্ধেক তাপ সংরক্ষণ করতে পারে। অর্থাৎ, এটি তাদের জন্য একটি প্রাকৃতিক হিটিং সিস্টেম হিসেবে কাজ করে থাকে, যা ঠান্ডা পানিতে তাদের শরীরকে গরম রাখতে সহায়তা করে।
২. পেশির শক্তি সাশ্রয়: ২০১৭ সালে আটলান্টার একদল গবেষক ফ্লেমিঙ্গোর মৃতদেহের ওপর পরীক্ষা চালিয়ে এক অভাবনীয় তথ্য আবিষ্কার করেন। তারা দেখেন যে, ফ্লেমিঙ্গো যখন এক পায়ে দাঁড়ায়, তখন তাদের শরীরের হাড় এবং জয়েন্টগুলো এমনভাবে লক হয়ে যায় যেখানে কোনো পেশি শক্তির প্রয়োজন হয় না। একে বলা হয় প্যাসিভ গ্রাভিটেশনাল স্টে মেকানিজম। ফ্লেমিঙ্গোর শরীরের ওজন এমনভাবে বিন্যস্ত থাকে যে, এক পায়ে দাঁড়ালে অভিকর্ষ বলই তাকে সোজা রাখতে সাহায্য করে। মজার ব্যাপার হলো, দুই পায়ে দাঁড়ালে তাদের পেশিকে সক্রিয় থাকতে হয় ভারসাম্য বজায় রাখতে, কিন্তু এক পায়ে দাঁড়ালে তারা কোনো শক্তি খরচ না করেই ঘণ্টার পর ঘণ্টা স্থির থাকতে পারে। এমনকি তারা এক পায়ে দাঁড়িয়ে দিব্যি ঘুমিয়েও নিতে পারে!
কেন তারা পা বদল করে?
অনেকেই প্রশ্ন করেন, এক পা যদি আরামদায়ক হয় তবে তারা কিছুক্ষণ পর পর পা বদলায় কেন? এর উত্তর হলো, রক্ত সঞ্চালন এবং ক্লান্তি। যদিও এক পায়ে দাঁড়াতে পেশি শক্তির প্রয়োজন হয় না, তবুও দীর্ঘক্ষণ একই অবস্থানে থাকলে রক্ত সঞ্চালনে সামান্য ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া শরীরের তাপমাত্রা একপাশে বেশিক্ষণ ধরে রাখার পর অন্য পাশের ভারসাম্য ঠিক রাখতে তারা পা অদলবদল করে।
কেন এটি গুরুত্বপূর্ণ?
প্রকৃতিতে টিকে থাকতে হলে শক্তি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। ফ্লেমিঙ্গোরা যেহেতু অনেক বড় পাখি এবং তাদের খাদ্যের জন্য অনেক শক্তি ব্যয় করতে হয়, তাই দাঁড়িয়ে থাকার সময় শক্তি বাঁচানো তাদের বেঁচে থাকার জন্য একটি বাড়তি সুবিধা দেয়। যারা কম শক্তি খরচ করে বিশ্রাম নিতে পারে, তারা শিকারির হাত থেকে বাঁচতে বা খাবার সংগ্রহে বেশি সক্রিয় থাকতে পারে।
ফ্লেমিঙ্গোর এক পায়ে দাঁড়িয়ে থাকা কোনো জাদুকরী খেলা নয়। যেখানে আমরা আমাদের ভারসাম্য নিয়ে লড়াই করি, সেখানে ফ্লেমিঙ্গোরা পদার্থবিজ্ঞানের সূত্রকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে সহজ করে নিয়েছে।