গরমে বাড়ছে বিদ্যুৎ বিল? সহজ কিছু উপায়েই কমাতে পারেন খরচ

গরমে বাড়ছে বিদ্যুৎ বিল? সহজ কিছু উপায়েই কমাতে পারেন খরচ
ছবির ক্যাপশান, গরমে বাড়ছে বিদ্যুৎ বিল?

তীব্র গরম পড়তেই ঘরে ঘরে ফ্যান ও এয়ার কন্ডিশনার (এসি)-এর ব্যবহার বেড়েছে কয়েকগুণ। এর সঙ্গে যুক্ত হয়েছে লাইট, ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটারসহ নিত্যপ্রয়োজনীয় নানা বৈদ্যুতিক যন্ত্র। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল বেশি আসা এখন অনেকের জন্যই নিয়মিত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অনেকেই বুঝে উঠতে পারেন না কেন হঠাৎ করে বিল এত বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বেশি ব্যবহারই নয়-অসচেতন ব্যবহারের কারণেও অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ হয়। তবে কিছু সহজ অভ্যাস গড়ে তুললেই এই খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এসি ব্যবহারে কিছু পরিবর্তন আনুন

গরমে স্বস্তি পেতে অনেকেই এসির তাপমাত্রা ১৮ বা ২০ ডিগ্রিতে নামিয়ে দেন, যা বিদ্যুৎ খরচ দ্রুত বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, ২৪–২৬ ডিগ্রি সেলসিয়াসে এসি চালালেই আরাম পাওয়া যায় এবং বিদ্যুৎ সাশ্রয় হয়। প্রতি ১ ডিগ্রি তাপমাত্রা বাড়ালে প্রায় ৫–৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ কম খরচ হয়। পাশাপাশি এসির সঙ্গে ফ্যান ব্যবহার করলে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং এসির ওপর চাপও কম পড়ে। নিয়মিত ফিল্টার পরিষ্কার রাখাও গুরুত্বপূর্ণ-এতে কম বিদ্যুৎ লাগে এবং যন্ত্রের আয়ু বাড়ে।

ঘর ঠান্ডা রাখুন প্রাকৃতিকভাবে

দিনের বেলায় সূর্যের তাপ সরাসরি ঘরে ঢুকতে দিলে ভেতরের তাপমাত্রা বেড়ে যায়। তাই জানালা ও দরজায় পর্দা টেনে রাখা ভালো, বিশেষ করে দুপুরের দিকে। বিকেলের দিকে জানালা খুলে দিলে প্রাকৃতিক বাতাস চলাচল করে ঘর ঠান্ডা রাখে। এতে ফ্যান বা এসির ব্যবহার কিছুটা কমানো যায়।

স্ট্যান্ডবাই মোডেও খরচ হয় বিদ্যুৎ

অনেকেই মনে করেন ডিভাইস বন্ধ থাকলে বিদ্যুৎ খরচ হয় না। কিন্তু টিভি, চার্জার, মাইক্রোওয়েভ, সেট-টপ বক্সসহ অনেক যন্ত্র স্ট্যান্ডবাই মোডে থেকেও বিদ্যুৎ ব্যবহার করে। তাই ব্যবহার শেষে সুইচ বন্ধ করার পাশাপাশি প্লাগ খুলে রাখলে অপ্রয়োজনীয় খরচ কমানো সম্ভব।

ফ্রিজ ব্যবহারে সতর্ক হোন

ফ্রিজ ঘরের এমন স্থানে রাখা উচিত যেখানে তাপ সহজে বের হতে পারে-দেয়ালের সঙ্গে একেবারে ঠেসে রাখলে বিদ্যুৎ বেশি খরচ হয়। গরমকালে ‘সামার মোড’ ব্যবহার করলে ফ্রিজ বেশি কার্যকরভাবে কাজ করে। এছাড়া বারবার দরজা খোলা বা গরম খাবার সরাসরি ভেতরে রাখলে বিদ্যুৎ খরচ বাড়ে-এগুলো এড়িয়ে চলা উচিত।

এলইডি বাতি ব্যবহার করুন

পুরোনো ফিলামেন্ট বা টিউবলাইটের তুলনায় এলইডি বাতি অনেক কম বিদ্যুৎ খরচ করে এবং দীর্ঘস্থায়ী। তাই ঘরের আলোয় এলইডি ব্যবহার করলে সহজেই বিল কমানো যায়।

ছোট পরিবর্তনেই বড় সাশ্রয়

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ সাশ্রয় মানে শুধু কম ব্যবহার নয়-স্মার্ট ব্যবহার। দৈনন্দিন জীবনে ছোট ছোট সচেতন পরিবর্তন আনলেই মাস শেষে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।


সম্পর্কিত নিউজ