{{ news.section.title }}
যে তিন বিভাগে শিলাবৃষ্টি হওয়ার কথা জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এরপর দেশের আরও বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সপ্তাহজুড়ে এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
এ সময়ের মধ্যে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, পরে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। একই সঙ্গে তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। একই সময়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ফেনী এবং কুড়িগ্রামের রাজারহাটেও বৃষ্টির খবর পাওয়া গেছে।