সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি

সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি
ছবির ক্যাপশান, সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা এই ঝড়-বৃষ্টির প্রবণতা তৈরি করছে।

এ অবস্থার প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

রাজধানী ঢাকাতেও এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এখানে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হলেও দমকা হাওয়ার সময় তা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এদিকে আগামী পাঁচ দিনেও আবহাওয়ার এই পরিবর্তনশীল ধারা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত নিউজ