শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। একই অনুষ্ঠানে অংশ নেবেন তুরস্ক সরকারের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচিও।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। দলটি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। শরিক দলসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২টিতে। এ ছাড়া ফলাফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। প্রায় দুই দশকের বেশি সময় পর আবারও সরকার গঠনের পথে যাচ্ছে বিএনপি।

আগামীকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজকদের ধারণা, এ অনুষ্ঠানে দেশি–বিদেশি মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ অতিথি উপস্থিত থাকতে পারেন। শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ও প্রটোকল প্রস্তুতি।

বিদেশি অতিথিদের তালিকায় রয়েছেন দক্ষিণ এশিয়ার একাধিক দেশের শীর্ষ প্রতিনিধি। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ পাঁচটি দক্ষিণ এশীয় দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন। পাশাপাশি যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তানসহ মোট ১৩টি দেশের সরকারপ্রধানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ ও আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্ব থেকে প্রতিনিধিত্ব আসায় নতুন সরকারের বৈদেশিক নীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও কূটনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।


সম্পর্কিত নিউজ