{{ news.section.title }}
বাজেট হবে শুধু জনগণের কল্যাণেঃ অর্থমন্ত্রী
বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়- বলে মন্তব্য করেছেন সদ্য দায়িত্ব প্রাপ্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম সফরে গিয়ে এ কথা বলেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি সকাল ১১ টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান অর্থমন্ত্রী। দলীয় নেতাকর্মীদের স্বাগতমে সফর শুরু করেন আমীর খসরু। এসময় চট্টগ্রামের পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি।
তখন সাংবাদিকদের তিনি বলেন, “কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না। বাজেট হবে জনবান্ধব। বিগত আমলে ঋণ নেওয়া হয়েছে, কিন্তু তা কোনো ভালো প্রজেক্টে ব্যয় হয়নি। ফলে এই সরকারের ওপর বিশাল ঋণের বোঝা রয়েছে।“
তিনি দেশের কর্মসংস্থান স্বল্পতার বিষয়ে বলেন, “সবচেয়ে বড় সমস্যা হলো কর্মসংস্থান। কর্মসংস্থান সৃষ্টি করতে হলে উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে হবে।“
বিনিয়োগের বেপারে শেয়ারবাজার সম্পর্কে তিনি বলেন, “শেয়ার বাজার নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়ন হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, আস্থা ফিরে আসবে। এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। এখানে বিনিয়োগের অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদের যেতে হবে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নততর করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে।“
দেশের সরকারে দায়িত্ব গ্রহণের পর প্রথম চট্টগ্রাম সফরের অনুভূতি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন,”ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। নির্বাচিত সংসদ ও সরকার আছে। দেশের মানুষের আশা-আকাঙ্খা পূরণে সবাইকে একসাথে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে।“