{{ news.section.title }}
ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানান।
এর আগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের সময় মাইকে বাজতে থাকে কালজয়ী গান - ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তিনি। সর্বশেষ স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব নাজির মাহমুদের পরিচালনায় ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর পর পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান - সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
এরপর বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরাও পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।